মেয়াদ শেষে সিটি করপোরেশনে পছন্দসই প্রশাসক নিয়োগ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষে সব সিটি করপোরেশনে পছন্দমতো প্রশাসক নিয়োগের বিধান করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ সম্পর্কে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ২০০৯ সালের আইনে বিদ্যমান ৬ অনুচ্ছেদে সংশোধনী এনে নির্বাচিত প্রতিনিধি না হওয়া পর্যন্ত মেয়রের দায়িত্ব পালনের বিধান বাতিল করা হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন। কাল মঙ্গলবার এ-সংক্রান্ত বিলটি পাস হওয়ার কথা রয়েছে। কমিটির সভাপতি রহমত আলী দেশের বাইরে থাকায় কমিটির একজন সদস্য এ প্রতিবেদন উপস্থাপন করেন।প্রস্তাবিত বিলে ২৫(১) অনুচ্ছেদ সংশোধন করে সব সিটি করপোরেশনে মেয়াদ শেষে পছন্দমতো যেকোনো ব্যক্তিকে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। নতুন সিটি করপোরেশনে প্রশাসকের মেয়াদ হবে ১৮০ দিন আর পুরোনো বা বিভক্ত করা সিটি করপোরেশনে মেয়াদ হবে ৯০ দিন। এ সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে।ফলে প্রস্তাবিত আইন অনুসারে প্রশাসক নিয়োগের ৯০ দিনের মধ্যে বিভক্ত হওয়া ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। আর আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত হবে। একই সঙ্গে বর্তমানে দায়িত্বরত মেয়র এবং কাউন্সিলরগণ তাঁদের পদ হারাবেন।বিলে উপযুক্ত কর্মকর্তা নিয়োগের বিধান বহাল রেখে শুধু ‘প্রথম শ্রেণী’ শব্দটি তুলে দেওয়া হয়েছে। ফলে যেকোনো সরকারি কর্মকর্তাকেই প্রশাসক নিয়োগ করা যাবে।আইনের ২৫(১) অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছে, ‘এ আইনের অধীন কোনো নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হলে অথবা বিভক্ত করা হলে অথবা কোনো সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত উহার উপযুক্ত কার্যাবলি সম্পাদনের উদ্দেশে, একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করতে পারবে সরকার।’এ অনুচ্ছেদ অনুসারে সব সিটি করপোরেশনেই প্রশাসক নিয়োগের বিধান করা হলেও মেয়াদ ভিন্ন রাখা হয়েছে। আইনের ২৫(৪) অনুচ্ছেদ সংশোধন করে প্রশাসকের মেয়াদ নতুনের জন্য ১৮০ দিন রাখা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ এবং ভেঙে দেওয়ার সিটি করপোরেশনে প্রশাসকের মেয়াদ রাখা হয়েছে ৯০ দিন।বিলটি পাস হলে সিটি করপোরেশন আইনের কিছু পরিবর্তনের বাইরে বর্তমান ডিসিসি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ নামে দুটি আলাদা করপোরেশনে উন্নীত হবে। ডিসিসিকে দুই ভাগ করার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১১’ গত বুধবার সংসদে উত্থাপিত হয়।