ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আইন সংশোধন করা হচ্ছে। বর্তমান আইনে বলা আছে, ইউপি ও পৌর এলাকায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের জনসংখ্যা ১০ শতাংশের কমবেশি হতে পারবে না। এখন এই বিধান বাদ দেওয়া হচ্ছে। এ ছাড়া এসব নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের বিধান করার কথাও ভাবছে সরকার।ইউপি ও পৌরসভার মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে কোনো কারণে নির্বাচন না হলে পূর্ববর্তী প্রতিনিধিরাই দায়িত্ব পালন করে থাকেন। নতুন আইনে মেয়াদ শেষ হওয়ামাত্র প্রশাসক নিয়োগের বিধান করা হচ্ছে। ইউপির ক্ষেত্রে ইউএনও এবং পৌরসভায় ক্ষেত্রবিশেষে জেলা প্রশাসকের প্রতিনিধি ও ইউএনও প্রশাসক নিযুক্ত হবেন।তবে নির্বাচিত প্রতিনিধিদের নাম গেজেটে প্রকাশিত হওয়ার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে প্রথম সভা করার বাধ্যবাধকতা বহাল থাকছে। পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে প্রথম সভা থেকে।জানা যায়, গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে আইনের খসড়া করে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গতকাল মন্ত্রণালয় খসড়াটি আইনি পরিভাষায় (ভেটিং) রূপান্তরের কাজ শেষ করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহে এটি আইনমন্ত্রীর অনুমোদন নিয়ে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) অশোক মাধব রায় গতকাল প্রথম আলোকে বলেন, সংশোধিত আইনটি ফেরত পাওয়ার পর এ মাসেই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। এর আগে মন্ত্রিসভা আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে। তবে অধ্যাদেশ আকারে, নাকি সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশনে আইনটি পাস করা হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।এদিকে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী মত প্রকাশ করেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সরাসরি অংশ না নেওয়া যথার্থ নয়। তিনি বলেন, ‘রাজনীতির হাতেখড়ি যদি ওইখানেই না হয়, তাঁরা কীভাবে বিভিন্ন স্তরে সরকার পরিচালনা করবেন। আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল অংশ নেবে। সেখানে দলীয় ইশতেহার থাকবে। জনগণ যে দলের ইশতেহার উপযুক্ত মনে করবে, সে দলের পক্ষেই ভোট দেবে।’প্রসঙ্গত, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর আগে একাধিকবার, বিশেষ করে গত ২৫ জুলাই জেলা প্রশাসক সম্মেলনে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই ইউপি ও পৌরসভা নির্বাচন হবে বলে ঘোষণা দেন।প্রসঙ্গত, ইউপি ও পৌরসভা আইনে দুই ওয়ার্ডের মধ্যে জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের কম বা বেশি না হওয়ার শর্ত থাকায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। এ জন্য আইনটি সংশোধন করতে হবে।এখন স্থানীয় সরকার বিভাগ সীমানায় জনসংখ্যার ব্যবধানসংক্রান্ত পৌরসভার ১৬(১) এবং ইউনিয়ন পরিষদ আইনের ১৩(১) ধারা বিলুপ্ত করে আইন সংশোধন করছে। পাশাপাশি ইউপি আইনের ২৯(৩) ধারা সংশোধন করে পাঁচ বছর মেয়াদ শেষে পূর্ববর্তী পরিষদের আপনাআপনি অবসান হবে এবং পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। এই অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক আদেশ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করতে পারবে। প্রশাসকের মেয়াদও নতুন আইনে উল্লেখ থাকবে।