আনোয়ার হোসেনআওয়ামী লীগের তৃণমূল পর্যায় ও এর সহযোগী সংগঠনগুলো চলছে মেয়াদহীন কমিটি দিয়ে। দলের ৭৩টি সাংগঠনিক জেলায় অধিকাংশ কমিটিরই মেয়াদ পেরিয়ে গেছে। কোনোটির সম্মেলন হয় না এক যুগেরও বেশি সময়। সাতটি সহযোগী সংগঠনের কমিটিরও মেয়াদ পেরিয়ে গেছে চার-পাঁচ বছর আগে। সহযোগী সংগঠনের অনেক শীর্ষস্থানীয় নেতা মূল দলের কেন্দ্রীয় কমিটিতে চলে গেছেন, কিংবা লাভজনক পদে অধিষ্ঠিত। কেউ আবার মন্ত্রী-সাংসদও হয়েছেন।এ অবস্থায় সহযোগী সংগঠনগুলোতে নেতৃত্বের শূন্যতার পাশাপাশি নেতা-কর্মীদের অনেকেই উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অনৈতিক কাজে যুক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। দলের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে এবং সহযোগী সংগঠনগুলোর কমিটির মেয়াদ পেরিয়ে যাওয়ায় তাঁরা এখন রাজনীতিতে নেই। তাঁদের অনেকে অরাজনৈতিক ও অনৈতিক কারণে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, দল বড় ধরনের রায় নিয়ে ক্ষমতায় আসার পর ‘যখন যেমন তখন তেমন’ কিছু লোক ঢুকে গেছে। এরা দলের লোকদের ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে। দলেরও কিছু লোক শক্তি বৃদ্ধি ও গ্রুপিংয়ে ব্যবহারের জন্য তাদের ব্যবহার করছে। এতে সরকার ও দলের ক্ষতি হচ্ছে। এটা বন্ধ করতে হবে।সম্প্রতি পঞ্চগড়ে পছন্দের প্রার্থী নিয়োগ না করায় ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতা-কর্মীদের সিভিল সার্জনের অফিস ভাঙচুর এবং পাবনায় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে পছন্দের প্রার্থী নিয়োগের দাবিতে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা এবং সরকারি কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন।এর আগে খাদ্য অধিদপ্তরের দুই কোটি ৮০ লাখ টাকার ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গত বছরের আগস্টে রাজধানীতে দিনদুপুরে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত মার্চে যশোরে ছাত্রলীগের নেতা রিপন হোসেনকে কুপিয়ে হত্যা, এপ্রিলে পঞ্চগড়ে দরপত্র দাখিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ এবং তাতে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন খুন হওয়ার ঘটনাও আলোচিত ছিল।বর্তমান সরকারের গত ২১ মাসে এ রকম হামলা, দখল, দরপত্র-সন্ত্রাসসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো এবং শাসক দলের কর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষের অসংখ্য নজির রয়েছে। এসব ঘটনায় নিহতের সংখ্যাও কম নয়। শুধু এক বগুড়া জেলাতেই অভ্যন্তরীণ কোন্দল, মাদক ও বালুর ব্যবসার ভাগাভাগি নিয়ে ২১ মাসে শাসক দলের ২০ জন খুন হয়েছে।আইন ও সালিশ কেন্দ্রের এক সংখ্যাগত প্রতিবেদনে দেখা যায়, শুধু গত নয় মাসেই (জানুয়ারি-সেপ্টেম্বর) সারা দেশে ক্ষমতাসীন দলের নিজেদের মধ্যে এ রকম ১৭৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৯ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে।আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, সরকার ক্ষমতায় আসার পর যুবলীগ, ছাত্রলীগসহ কিছু সংগঠন রাজনীতিতে নেই। তাঁরা শুধু টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ব্যস্ত। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মাঠের আন্দোলনে সব সময় যে যুব মহিলা লীগকে সামনের সারিতে দেখা যেত, গত দেড় বছরে তাদের কোনো সাংগঠনিক কর্মসূচি নেই। একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সারা দিনই সচিবালয়ে ঘুরঘুর করে। তাদের তদবিরের জ্বালায় নিজ কার্যালয়ে বসাই দায় হয়ে গেছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক হুইপ মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘২০০৬ সাল থেকেই যুবলীগের কমিটির মেয়াদ শেষ। আমরা প্রস্তুত। ওপর থেকে নির্দেশনা এলেই সম্মেলন হবে।’ তিনি দাবি করেন, বেকারত্ব ও সঙ্গদোষে সংগঠনের অনেক নেতা-কর্মী অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এ ধরনের ঘটনা জানার পরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত শতাধিক নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান।দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৩টি সাংগঠনিক জেলার ১১টিতে সম্মেলন হয় না এক যুগের বেশি সময় থেকে। বাকি ৬২ জেলার কোনো কোনোটির মেয়াদ পেরিয়ে চার-পাঁচ বছর হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশালসহ ছয়টি মহানগর কমিটিরও মেয়াদ পেরিয়ে চার-পাঁচ বছর হয়েছে। ঢাকা মহানগর চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। বরিশাল মহানগর চলছে আহ্বায়ক কমিটি দিয়ে, তাও ২০০৩ সালে করা। সিলেটে ২০০৪ সালে নির্বাচনের মাধ্যমে বদরউদ্দিন আহমদ কামরান সভাপতি ও মিসবাহ উদ্দিন সিরাজকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। কিন্তু তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। মিসবাহ উদ্দিন বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তৃণমূলের সম্মেলনের জন্য সদস্য সংগ্রহ ও নবায়ন চলছে। আগামী শীতে সহযোগী সংগঠনের সম্মেলন হয়ে যাবে। টেন্ডারবাজি ও নিজেদের মধ্যে মারামারির প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এসব অনৈতিক কাজের ঘোর বিরোধী। বিচ্ছিন্ন দু-একজন করার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।জানা গেছে, ফেনী জেলা কমিটি হয়েছিল ১৯৯৭ সালে। এক বছর পরই সভাপতি মারা যান, আর সাধারণ সম্পাদক জয়নাল হাজারী সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কৃত হন কয়েক বছর আগে। কমিটির অনেক সদস্য মারা গেছেন। এ অবস্থায় ভারপ্রাপ্তদের দিয়ে চালানো হচ্ছে। কুমিল্লা (দক্ষিণ) জেলা শাখার সর্বশেষ নির্বাচিত কমিটি হয়েছিল ১৯৯৫ সালে। এরপর ২০০৬ সালে আহ্বায়ক কমিটি করা হয়। এখনো আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি হয়েছে ১২ বছর আগে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তৃণমূল ও সহযোগী সংগঠনের পুনর্গঠন জরুরি। এ বিষয়ে প্রস্তুতি চলছে। খুব শিগগির ঘোষণা আসবে।সহযোগী সংগঠন: আওয়ামী লীগের সহযোগী সাতটি সংগঠন হচ্ছে মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ তাঁতী লীগ ও যুব মহিলা লীগ। শ্রমিক লীগ ও ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ দুটি সংগঠন নিজ নিজ গঠনতন্ত্র অনুসারে চলবে বলে আওয়ামী লীগের গঠনতন্ত্রে দিকনির্দেশনা দেওয়া আছে। ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকার বিব্রত। বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে ছাত্রলীগে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভাবমূর্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বন্ধ হয়নি।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। কেন্দ্র থেকে প্রান্ত, প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেপরোয়া।সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালে। তিন বছর মেয়াদি কমিটি চলছে সাত বছর ধরে। যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরও সংগঠনটি সভা-সমাবেশের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।সূত্র আরও জানায়, জাহাঙ্গীর কবির ও মির্জা আজম যুবলীগের সাংগঠনিক কাজে নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন এখনো। ফলে দলীয় কর্মসূচির বাইরেও যুবলীগ আলাদা কর্মসূচি দিচ্ছে। তবে এই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে অনেক প্রতিবেদন ছাপা হয়েছে।স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছিল ২০০৩ সালের জুলাই মাসে। সংগঠনের সভাপতি বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ সংগঠনের কমিটির মেয়াদ চার বছর আগেই পেরিয়ে গেছে। মোল্লা আবু কাওছার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন।মহিলা লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালের জুলাই মাসে। মেয়াদ পেরিয়ে গেলেও এখনো সংগঠনটির কাউন্সিল হয়নি। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলিও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্বে আছেন। সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন। ফলে সংগঠনের কোনো কর্মসূচি নেই এখন।কৃষক লীগেরও সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৩ সালে। সংগঠনের সভাপতি মির্জা এম এ জলিল বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক মোতাহার মোল্লা ও সহসভাপতি হারুন অর রশীদ হাওলাদার দুজনেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। কৃষক লীগের নেতারা জানান, তাঁদের কেউই সাংগঠনিক দায়িত্ব পালন করেন না।আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে হরতাল ও সভা-সমাবেশে যুব মহিলা লীগ অত্যন্ত সক্রিয় ছিল। বর্তমানে এই সংগঠনের সভানেত্রী নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন। ২০০৫ সালের ১৫ মার্চ যুব মহিলা লীগের কাউন্সিল হয়। ২০০৮ সালে এই সংগঠনের মেয়াদ শেষ হয়েছে। যুব মহিলা লীগের নেত্রীদের পদচারণ এখন সচিবালয়ে। তাঁরা নানা তদবিরে ব্যস্ত থাকেন বলে বেশ কয়েকজন মন্ত্রী জানান।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সার্বিক বিষয়ে বলেন, তৃণমূল থেকে সহযোগী সংগঠন—সব কটিই এখন ঢেলে সাজানোর সময় এসেছে। কারণ, মেয়াদ পেরিয়ে যাওয়ায় এসব দলের মধ্যে সমন্বয়ে সমস্যা হচ্ছে এবং শৃঙ্খলা ভেঙে পড়ছে।