মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে চলছে আ.লীগের সহযোগী সংগঠন
আওয়ামী লীগের সব কটি সহযোগী সংগঠনই চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে। প্রথম সারির নেতাদের অনেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। কেউ কেউ সাংসদ নির্বাচিত হয়েছেন। এ জন্য সাংগঠনিক কার্যক্রমে তাঁদের মনোযোগ কমে গেছে। একই সঙ্গে নেতা-কর্মীদের ওপর নিয়ন্ত্রণ হ্রাস ও সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শুধু তা-ই নয়, ক্ষমতাসীন দলটির সহযোগী সংগঠনগুলোর একশ্রেণীর নেতা-কর্মী জড়িয়ে পড়ছেন নানা অনৈতিক কাজে।দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।আওয়ামী লীগের গঠনতন্ত্রে সাতটি সংগঠনকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো: মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ তাঁতী লীগ ও যুব মহিলা লীগ। জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ দুটি সংগঠন নিজ নিজ গঠনতন্ত্র অনুসারে চলবে বলে আওয়ামী লীগের গঠনতন্ত্রে দিকনির্দেশনা আছে। জানা গেছে, সব কটি সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তিন থেকে চার বছর আগে। অভিযোগ রয়েছে, নেতৃত্ব হারানোর আশঙ্কায় একশ্রেণীর নেতা কাউন্সিলের ব্যাপারে উদ্যোগী হচ্ছেন না। আবার নেতৃত্বপ্রত্যাশী কিছু নেতা কাউন্সিলের পক্ষে অবস্থান নিয়েছেন।এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ঘরানার উদীয়মান কিছু নেতা এবং ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতা কোথাও স্থান না পেয়ে হতাশায় পড়েছেন। আবার কেউ কেউ টেন্ডারবাজি ও অর্থের বিনিময়ে বিভিন্ন তদবিরের কাজে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।চার বছর আগে মেয়াদোত্তীর্ণ যুবলীগের কমিটি: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। জাহাঙ্গীর কবির প্রতিমন্ত্রী আর মির্জা আজম জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালের ২৫ জানুয়ারি যুবলীগের কাউন্সিল হয়। তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয়েছে চার বছর আগে। কাউন্সিল করে নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেই।নিষ্ক্রিয় স্বেচ্ছাসেবক লীগ: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের সাংগঠনিক পদ পেয়েছেন। গত ১৫ মাসে স্বেচ্ছাসেবক লীগের কোনো সাংগঠনিক তৎপরতা দেখা যায়নি। অভিযোগ রয়েছে, এর নেতারা নিজ নিজ আখের গোছানোয় ব্যস্ত। স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ২৭ জুলাই। বর্তমান কমিটির মেয়াদ পেরিয়েছে চার বছর আগে।নেতৃত্বহীন মহিলা লীগ: মহিলা লীগের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলি পেয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদ। সংগঠনের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন। ফলে সংগঠনের গুরুত্বপূর্ণ এই তিন নেত্রী মহিলা লীগে সময় দিতে পারছেন না। তাই মহিলা লীগ অনেকটা নেতৃত্বহীন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট অনেকে মন্তব্য করেছেন।মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে চার বছর আগে। ২০০৩ সালের ১২ জুলাই এর সর্বশেষ কাউন্সিল হয়।কৃষক লীগের জন্য সময় নেই নেতাদের: কৃষক লীগের সভাপতি মির্জা এম এ জলিল বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক মোতাহার মোল্লা ও সহসভাপতি হারুন অর রশীদ হাওলাদার দুজনেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা কেউ এখন আর কৃষক লীগের জন্য সময় দিতে পারছেন না বলে সংগঠনের অনেকে জানিয়েছেন।২০০৩ সালের ২৯ জুলাই কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালে।তদবিরে ব্যস্ত যুব মহিলা লীগ: আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে হরতাল ও সভা-সমাবেশে যুব মহিলা লীগ ছিল আলোচিত। এই সংগঠনের সভানেত্রী নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক অপু উকিল সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন। এখন তাঁরা আর যুব মহিলা লীগের কার্যক্রমে সময় দিতে পারছেন না। এ সংগঠনের অনেকে অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবিরে লিপ্ত হয়েছেন এবং তাঁদের কারও কারও বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে। ২০০৫ সালের ১৫ মার্চ যুব মহিলা লীগের কাউন্সিল হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে।আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের মধ্যে তাঁতী লীগ এবং আওয়ামী আইনজীবী পরিষদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ দুটির সাংগঠনিক কার্যক্রম এখন আর দেখা যায় না।ছাত্রলীগ নিয়ে বিপাকে সরকার: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করে ছাত্রলীগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছে।ছাত্রলীগের একটি অংশ সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় সরকার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ ত্যাগ করেন। তার পরও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করা যায়নি। অভিযোগ রয়েছে, সারা দেশে সংগঠনের নেতা-কর্মীদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় নেত্বত্বের। আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা খুব দ্রুত ছাত্রলীগের কাউন্সিল করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের সম্মেলন হয়।আওয়ামী লীগের অপর ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের ৩ জুলাই।এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি সহযোগী সংগঠন কাউন্সিলের জন্য প্রস্তুত আছে, খুব শিগগির কাউন্সিল শুরু হবে।