মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়ে এইডস পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক (বিকারক বা রি-এজেন্ট) দিয়ে এইচআইভি-সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীর সিডি-৪ পরীক্ষা করা হচ্ছে। কাল বুধবার এ রকম ছয় ব্যক্তির সিডি-৪ পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার কথা আছে।বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়ে পরীক্ষা করলে ঠিক ফলাফল পাওয়া যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরোলজিস্ট নজরুল ইসলাম বলেন, সিডি-৪-এর সংখ্যা জানার পরই কোনো ব্যক্তিকে এইডসের ওষুধ দেওয়া হয়। ওষুধের মাত্রাও নির্ভর করে ওই সংখ্যার ওপর। ভুল ফলাফল নিয়ে চিকিৎসা করলে তাও ভুল হবে।গত রোববার কলেজের অণুজীববিজ্ঞান বিভাগে গিয়ে সিডি-৪ পরীক্ষার রাসায়নিকের পাত্রে দেখা যায়, ওই রাসায়নিকের মেয়াদ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু এখনো ওই রাসায়নিক ব্যবহার করা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, সিডি-৪ হচ্ছে রক্তের একধরনের শ্বেতকণিকা (লিম্ফোসাইট)। এই কণিকা রোগ প্রতিরোধ করে। এক কিউবিক মিলিমিটার রক্তে ৭০০ থেকে ১২০০ সিডি-৪ থাকে। এইচআইভি-সংক্রমিত ব্যক্তির নিয়মিত সিডি-৪-এর সংখ্যা জানা দরকার হয়। নজরুল ইসলাম বলেন, এইচআইভি-সংক্রমিত ব্যক্তির যদি জ্বর, ডায়রিয়া বা ক্ষুধামান্দ্যা হয় এবং তার সিডি-৪ যদি ৩৫০-এর কম হয়, তাহলে তাকে এইডসের ওষুধ (অ্যান্টিরেট্রোভাইরাল বা এআরভি) দিতে হয়। আবার এইচআইভি-সংক্রমিত ব্যক্তির কোনো উপসর্গ ছাড়াই সিডি-৪ যদি ২০০-এর কম হয়, তাহলেও তাকে এইডসের ওষুধ দিতে হয়। এ ব্যাপারে বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পরপরই যে রাসায়নিক ব্যবহার-অনুপযোগী হয়ে পড়ে, তা নয়। আরও কিছু দিন তা ব্যবহার করা যেতে পারে। ওই বিভাগের পরীক্ষাগারের টেকনিশিয়ান আবু তালেব দাবি করেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার দুই দিন আগে তাঁরা সর্বশেষ সিডি-৪ পরীক্ষা করেছিলেন।একাধিক সূত্র নিশ্চিত করেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান বিভাগে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এইচআইভি-সংক্রমিত ব্যক্তি ও এইডসের রোগীরা সিডি-৪ পরীক্ষা করান। একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, প্রতি বুধবার তাঁরা রোগী পাঠান মেডিকেল কলেজে। ১৪ নভেম্বর তিনজনের সিডি-৪ পরীক্ষা করেছেন। বুধবার পাঠাবেন ছয়জনকে। রাসায়নিকের মেয়াদোত্তীর্ণ হওয়ার তথ্য জানার পর অন্য প্রতিষ্ঠানটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পাঠাচ্ছে না। সব রোগী তারা ঢাকায় পাঠাচ্ছে।এ ব্যাপারে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির লাইন ডাইরেক্টর মো. আবদুল ওয়াহিদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয় কর্মসূচি থেকে কোনো রাসায়নিক বা রি-এজেন্ট পাঠানো হয়নি। তাই মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে যারা সিডি-৪ পরীক্ষার যন্ত্র সরবরাহ করেছিল, তারা ওই রাসায়নিক দিয়েছিল বলে তাঁর ধারণা। কষ্ট আর শেষ হয় না: ‘রাত চারটায় আমাদের সায়েদাবাদ নামিয়ে দিল। দুই ছেলে নিয়ে বসে আছি কখন সকাল হবে। আমরা তিনজনই অসুস্থ। শীতের রাতে কী কষ্ট পেয়েছি। তার ওপর খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা। যদি পরীক্ষাটি চট্টগ্রামে হতো, তাহলে এই কষ্টও পেতাম না, টাকাও এত লাগত না।’ এভাবেই ঢাকায় পরীক্ষা করানোর কষ্টের বর্ণনা দিলেন এইডসে আক্রান্ত ফটিকছড়ির এক নারী। ১০ বছর আগে এইডসে তাঁর মধ্যপ্রাচ্য-ফেরত স্বামী মারা গেছেন। এখন তিনি ও তাঁর দুই ছেলেও এইডসের রোগী।কর্নেলহাটের এক পোশাকশ্রমিকও মধ্যপ্রাচ্য-ফেরত স্বামীর মাধ্যমে এইডসে আক্রান্ত হন। স্বামী মারা গেছেন তিন বছর। স্বামীর চিকিৎসার জন্য পৈতৃক সূত্রে পাওয়া এক গন্ডা জমি বিক্রি করে দিতে হয়েছে। তাঁর স্বস্তি, তাঁর দুই কিশোর ছেলে এইডসমুক্ত। তাঁকেও সিডি-৪ পরীক্ষার জন্য নিয়মিত ঢাকায় যেতে হয়।একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে এইচআইভি-সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীর সংখ্যা প্রায় ৫০০। চিকিৎসার স্বার্থে এদের সবারই সিডি-৪ জানা দরকার। সিডি-৪ পরীক্ষা কিছু দিন আগ পর্যন্ত শুধু ঢাকায় হতো। সরকার প্রায় দুই বছর আগে আটটি যন্ত্র কেনে। এর একটি পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। মাস ছয়েক আগে যন্ত্রটি চালু হয়।