ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের কাছ থেকে তাঁর ওপর নির্যাতনের ব্যাপারে জবানবন্দি নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ডিবির তিনজন কর্মকর্তা এক ঘণ্টা ধরে নগরের ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে রুমানার বক্তব্য নেন। স্বামীর হাতে রুমানা মনজুরের নির্যাতন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, প্রথমে তাঁরা ল্যাবএইডে চিকিৎসাধীন রুমানার বক্তব্য শোনেন। পরে কথিত নির্যাতনস্থল রুমানাদের বাসা পরিদর্শনে যান। ডিবির সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান, মামলার তদারকি কর্মকর্তা মেহেদী হাসান ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী ল্যাবএইড হাসপাতালে যান। এই হাসপাতালে রুমানা মনজুর তাঁর ক্ষতিগ্রস্ত মুখমণ্ডলের চিকিৎসা নিচ্ছেন।ডিবির কর্মকর্তারা নির্যাতনের দিন কী ঘটেছিল, তা রুমানার কাছে জানতে চান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে রুমানা কেঁদে ফেলেন। ডিবির কর্মকর্তাদের বলেন, ৫ জুন বিকেলে তিনি তাঁর একমাত্র মেয়েকে নিয়ে ঘরে বসে ছিলেন। এ সময় স্বামী হাসান সাইদ তাঁর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। কিছু বুঝে ওঠার আগেই সাইদ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং দুই চোখে আঙুল ঢুকিয়ে খোঁচাতে থাকেন। তিনি ব্যথায় আর্তনাদ করলেও সাইদের মন গলেনি। একপর্যায়ে সাইদ তাঁর শরীরের ওপর বসে পড়ে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেন। সাইদ তাঁর নাকের অগ্রভাগ কামড়ে ছিঁড়ে নেন। মাথায় আঘাত করেন। এ ছাড়া তাঁর কপালের এক পাশ, ঠোঁট ও হাতের এক স্থানের মাংস ছিঁড়ে ফেলেন। রুমানা ডিবির কর্মকর্তাদের কাছে আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সাইদ তাঁর ওপর নির্যাতন করতেন। বিয়ের রাতে সাইদ বুয়েট থেকে স্নাতক হয়েছেন বলে দাবি করলেও পরে তিনি (রুমানা) জানতে পারেন, আসলে সাইদ তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। চোখে কম দেখার বিষয়টিও সাইদ গোপন করেছিলেন। রুমানা বলেন, একমাত্র মেয়ে আনুশেহ ও সংসারের শান্তির কথা ভেবে তিনি সবকিছু নীরবে সয়ে যেতেন। গত ২১ মেতেও সাইদ তাঁর ওপর নির্যাতন চালান। তখন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাইদের বাবাকে পুরো বিষয়টি জানানো হয়। রুমানা বলেন, সাইদের বাবা তাঁকে এবারের মতো মাফ করে দিতে বলেন এবং বেয়াইকে জানান, দেশে এসে এ বিষয়ে কথা বলবেন। রুমানা ডিবিকে জানিয়েছেন, সাইদ তাঁকে সন্দেহ করতেন। তিনি ঈর্ষাপরায়ণ ছিলেন। নানা কারণে সাইদ হীনম্মন্যতায় ভুগছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁকে হত্যার চেষ্টা করেন। রুমানার জবানবন্দি নেওয়ার পর ডিবির কর্মকর্তারা তাঁর ধানমন্ডির বাসায় যান। ওই বাড়িতেও গৃহকর্মীসহ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়। ডিবির কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, সাইদ ও রুমানার বাবা বন্ধু ছিলেন। তাঁদের বন্ধুত্বের সূত্রে দুই পরিবারের মধ্যে আসা-যাওয়া ছিল। ক্রমে বিভিন্ন স্থানে একত্রে বেড়ানোর সময় রুমানা ও সাইদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাঁদের বিয়ে হয়।ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর গত মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য রুমানাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানকার শংকর নেত্রালয়ের চিকিৎসকেরা বলেছেন, রুমানার চোখের জন্য এ মুহূর্তে তাঁদের কিছু করার নেই। তাঁকে আবার দুই মাস পর যেতে বলা হয়। এরপর গত সোমবার রুমানা দেশে ফিরে আসেন। ল্যাবএইডের চিকিৎসকেরা বলেছেন, তাঁর একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অন্যটির অবস্থা মোটেও ভালো নয়।রুমানার সমর্থনে নারী সাংসদেরাজাতীয় সংসদের নারী সাংসদেরা স্বামীর নির্মম নির্যাতনের শিকার রুমানা মনজুরের পাশে দাঁড়িয়েছেন। গতকাল বুধবার ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তাঁরা রুমানার স্বামী হাসান সাইদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৩০ জন নারী সাংসদ মানববন্ধনে অংশ নেন। তাঁরা এ সময় জানিয়ে দেন, শুধু রুমানা নন, যেকোনো নারী নির্যাতনের শিকার হলে নির্যাতকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন নারী সাংসদেরা।মানববন্ধনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, রুমানার ওপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও দলমতনির্বিশেষে নারী সাংসদেরা নির্যাতনের শিকার সব নারীর পাশে থাকবেন।জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমীন বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতি যথাযথভাবে বাস্তবায়িত হলে এ ধরনের নির্যাতনের সংখ্যা অনেক কমে আসবে।সাংসদ তারানা হালিম বলেন, ‘কোনো রাজনৈতিক কাজে নয়, আমরা রুমানার ওপর নির্যাতনের ঘটনায় একত্র হয়েছি। সব দলের সাংসদদের একত্রে মানববন্ধনে অংশ নেওয়া সম্ভবত এটাই প্রথম।’পেশায় আইনজীবী তারানা হালিম রুমানার স্বামী কোনোভাবেই যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারেন, সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।‘শিক্ষক রুমানা মনজুর, তোমার পাশে আছি আমরা: মহিলা সংসদ সদস্য’—এ কথা লেখা ব্যানার নিয়ে নারী সাংসদেরা একত্রিত হয়েছিলেন। মানববন্ধনে রুমানার বাবা মনজুর হোসেন প্রধানমন্ত্রী ও নারী সাংসদেরা তাঁদের পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রুমানার মা রহিমা মনজুর নির্যাতক সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন।মানববন্ধনে সাংসদ রুবি রহমান, রওশন জাহান, সুলতানা বুলবুল, ফরিদা রহমান, আশরাফুন্নেছা মোশাররফ, শাহিদা তারেক, শেফালী মমতাজ, সাধনা হালদার, আমেনা আহম্মেদ, জাহানারা বেগম, চেমন আরা, অপু উকিল, ফরিদুন্নাহার, এথিন রাখাইন, শাহীন মনোয়ারা, ফরিদা আক্তার, খাদিজা শেফালী প্রমুখ অংশ নেন। মানববন্ধনের পরে তাঁরা ল্যাবএইডে চিকিৎসাধীন রুমানাকে দেখতে যান। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিপ্লবী নারী সংহতি রুমানা মনজুরের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। রুমানাকে দেখতে হাসপাতালেমহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী গতকাল বিকেলে রুমানা মনজুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ল্যাবএইড হাসপাতালে যান। এ সময় রুমানা তাঁকে স্বামী সাইদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। প্রতিমন্ত্রী তাঁকে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। এ ছাড়া গতকাল পৃথকভাবে রুমানাকে দেখতে যান সাংসদ ফজলে নূর তাপস ও বাংলাদেশ যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।