মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় খুন হলেন মা-বাবা
মেয়েকে তার প্রাক্তন প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় আজ বুধবার রাজধানীর গুলশানে এক দম্পতিকে প্রাণ দিতে হলো। তাঁরা হলেন গুলশানের কালাচাঁদপুরের সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস (৫০)।এলাকাবাসী ও নিহত দম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিকুর ও রুমানা দম্পতির কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চার-পাঁচ মাস আগে মেয়েটি জানতে পারে, ওই যুবক মাদকাসক্ত। এর পর থেকে সে ওই ছেলের সঙ্গে আর যোগাযোগ রাখেনি।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, ওই যুবক পাঁচ-সাত দিন আগে সাদিকুর ও রুমানা দম্পতির বাসায় এসে তার সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে দিতে বলে। কিন্তু সাদিকুর ও রুমানা জানিয়ে দেন, তাঁরা তার কাছে মেয়ের বিয়ে দেবেন না। যুবকটি তিন দিন আগে আবারও একই কথা জানাতে ওই বাসায় যায়।গুলশান থানার ওসি আরও জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে ওই যুবক কয়েকজন সঙ্গী নিয়ে সাদিকুর-রুমানা দম্পতির বাসায় যায়। তাঁদের মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়ার দাবি জানালে ওই দম্পতি আবারও অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক সাদিকুর ও রুমানাকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁদের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সাদিকুরকে মৃত ঘোষণা করেন। চিকিত্সাধীন অবস্থায় মারা যান রুমানা। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।