এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েট। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন হাসান মাসুদ। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। গতকাল বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত শুটিং করার কারণে আজ একটু বেশি সময় বিশ্রামের সুযোগ পেলাম। ক্যাটরিনা কাইফের বিউটি পার্লার নাটকের শুটিং করছি।আজ তো আপনার ‘গ্র্যাজুয়েট’ ধারাবাহিকটি দেখানো হবে?রাজের সঙ্গে আমার সম্পর্কটা চমৎকার। তাই কাজটাও ভালো হয়েছে। নাটকে আমার চরিত্রটির অনেকগুলো দিক আছে। এখানে আমি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলি। গ্র্যাজুয়েট নাটকের শুরু থেকে এখন পর্যন্ত বেশ মজা করেই কাজটা করছি। এবারের ঈদে কয়টি নাটকে কাজ করেছেন?আশা করছি, আমার অভিনীত ১২টি নাটক দেখানো হবে। এর মধ্যে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আউট অব ফেকাস, শাফায়েত মনসুরের ক্লিক ক্লিক, সালমান মাহমুদের কাচা মরিচের ঝাল, মুনতাসির রসির ক্যাটরিনা কাইফের বিউটি পার্লার। এর মধ্যে ক্যাটরিনা কাইফের বিউটি পার্লার নাটকে মেয়ে সেজে অভিনয় করছি। তবে এবার ঈদে পুরোনোদের পাশাপাশি অনেক নতুন নির্মাতার সঙ্গে কাজ করেছি।নাটকের পাশাপাশি এবার ঈদে আর কোনো অনুষ্ঠান করেছেন?এখন টিভিতে যে ধারাবাহিকগুলো চলছে, সেগুলো এবং ঈদের নাটক নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হচ্ছে যে আর কোনো অনুষ্ঠান নিয়ে ভাবার সময় পাইনি। তবে গান নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে।সেটা কী রকম?সম্প্রতি একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকও করেছি। হিজড়াদের জীবন নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এটি একটি বিয়ের গান। অনুরূপ আইচের লেখা থেকে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমি। গানটির কথা হলো ‘বাজা রে তোরা বাজা রে ঢোল, সবার মুখে খুশির দুয়ার খোল’। সবাই যদি গানটি ভালোভাবে গ্রহণ করে, তাহলে সামনে গানের আলাদা একটা অ্যালবাম করার ইচ্ছা আছে।