মেয়ে হুইটনিকে নিয়ে বই লিখছেন সিসি হিউস্টন
অকাল প্রয়াত মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউস্টনকে নিয়ে বই লেখার পরিকল্পনা করছেন তাঁর মা সিসি হিউস্টন। এরই মধ্যে নিউইয়র্কের কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন তিনি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ‘হুইটনির ভালো ও মন্দ দিক নিয়ে লেখার প্রস্তুতি নিচ্ছেন সিসি।’সম্প্রতি নিউইয়র্কের সেন্ট রেজিস হোটেলে সিসি হিউস্টনের সঙ্গে দেখা করেছেন দুজন প্রকাশক। তাঁরা জানিয়েছেন, মেয়ের মৃত্যু কিংবা মাদকাসক্তি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন সিসি। তিনি বলেছেন, ‘হুইটনির মৃত্যুর পর তাঁর সম্পর্কে অনেক বানোয়াট তথ্য প্রকাশিত হয়েছে। আমি সেসব মিথ্যে নিশ্চিহ্ন করে ফেলতে চাই।’হুইটনি হিউস্টনের মা সিসি হিউস্টনের লেখালেখির অভ্যাসটা অনেক দিনের। এর আগে ১৯৯৮ সালে নিজের জীবনের গল্প নিয়ে ‘হাউ সুইট দ্য সাউন্ড’ শিরোনামে স্মৃতিচারণামূলক বই লেখেন তিনি। ধর্মপরায়ণ একটি পরিবারের সদস্য হিসেবে গসপেল সংগীতে তাঁর হাতেখড়ি। এর সূত্র ধরেই পরবর্তী সময়ে এলভিস প্রিসলির ব্যাকআপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশের গল্প তিনি তুলে ধরেছেন বইটিতে।উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটন হোটেলের একটি বাথটাব থেকে হুইটনির মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের ফলাফলে বলা হয়, অতিরিক্ত কোকেন সেবনের কারণে হার্ট অ্যাটাক এবং দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যু হয়েছে ‘মাই লাভ ইজ ইয়োর লাভ’খ্যাত এই শিল্পীর।