মেয়েকে নিয়ে ব্যস্ত বাঁধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক নয়, লাক্স তারকা আজমেরী হক বাঁধনের এখন সময় কাটছে মেয়ে মিশেল আমানীকে নিয়েই। মেয়ের নানা কাজ-কর্মের মধ্য দিয়ে সময় কেটে যাচ্ছে তাঁর। আজ বুধবার প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে বাঁধন বলেন, ‘নাটকের কাজ না করলেও কিন্তু আমি এখন অনেক বেশি ব্যস্ত। আর এ ব্যস্ততা আমার মেয়ে ও সংসার নিয়েই। কীভাবে যে সময় কেটে যায় টেরই পাই না। দেখতে দেখতে আমার মেয়ে মিশেল এরই মধ্যে ছয় মাসে পা দিয়েছে। সবার দোয়ায় আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে।’নাটকের অভিনয়ের ব্যাপারে কারও সঙ্গে আলাপ-আলোচনা হয় কি না, এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘মাঝেমধ্যে দু-একজন নির্মাতার সঙ্গে আলাপ হয়। কিন্তু এই মুহূর্তে আমার সে রকম কোনো চিন্তা-ভাবনা নেই। আমার সব চিন্তা এখন মেয়েকে ঘিরেই। মেয়েটা আরেকটু বড় হোক, তারপর না হয় ভাবা যাবে। তবে নাটকেই যে অভিনয় করব, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’উল্লেখ্য, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ঘরোয়া একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ী মাশরুর হোসেনকে বিয়ে করেন বাঁধন। পরের বছরের ৬ অক্টোবর কন্যাসন্তানের মা হন তিনি।বাঁধন অভিনীত সর্বশেষ নাটক দুটি হচ্ছে আরিফ খানের পরিচালনায় ‘চাঁদ ফুল অমাবস্যা’ এবং মাহফুজ আহমেদের পরিচালনায় ‘চৈতা পাগল’।