মেয়েকে হত্যার আসামি মৃত বাবা
রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় বাবা বজলুর রশিদ ও তাঁর সাত বছরের মেয়ে ফাতেমা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা ও অপরটি অপমৃত্যু মামলা। হত্যা মামলার আসামি করা হয়েছে মৃত বজলুর রশিদকেই। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে বজলুর তাঁর মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে বজলুরের স্ত্রী নাদিরা আক্তার বাদী হয়ে থানায় ওই দুটি মামলা করেন। গতকাল দুপুরে দক্ষিণখানের আশকোনার টিনশেডের বাসা থেকে বজলুর ও ফাতেমার লাশ উদ্ধার করা হয়। বজলুরের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও ফাতেমার লাশ মেঝেতে পড়ে ছিল। মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ খান থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, আর্থিক অসচ্ছলতাজনিত হতাশার কারণে বজলুর এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসা থেকে বজলুরের লেখা বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে। একেকটি চিরকুট তিনি প্রশাসন, পরিবার ও আত্মীয়স্বজনের উদ্দেশে লিখেছেন। চিরকুটে মৃত্যুর পর লাশ নিয়ে টানাহ্যাঁচড়া না-করা, কাউকে হয়রানি না-করাসহ বিভিন্ন অনুরোধ জানানো হয়েছে। এসআই বলেন, ফাতেমাকে হত্যা করে বজলুর নিজেই আত্মহত্যা করার কথা মামলার বিবরণে লেখা আছে। এ কারণে হত্যা মামলার আসামি বজলুর। তদন্ত কর্মকর্তা আরও বলেন, আইন অনুযায়ী ঘটনার তদন্ত করা হবে। তদন্তে যদি প্রমাণিত হয়, যে ব্যক্তি হত্যা করেছেন তিনি মৃত, তাহলে আদালতে তাঁর পক্ষেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। তবে এ বিষয়ে বেশি কিছু বলতে নারাজ পরিবারের সদস্যরা। আজ যোগাযোগ করা হলে কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বাবা-মেয়ের লাশ বরিশালের উজিরপুর উপজেলার টাংগুরিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।