মেয়েকে হত্যার দায়ে পাকিস্তানি দম্পতির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সম্মান রক্ষার নামে নিজের মেয়েকে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে যুক্তরাজ্যে বসবাসরত এক পাকিস্তানি দম্পতি। আদালত ওই দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ১৭ বছর বয়সী সাফিলিয়া নামের মেয়েটি ২০০৩ সালে যুক্তরাজ্যের শেশায়ারের ওয়ারিংটন এলাকার বাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনার ছয় মাস পর কামব্রিয়া এলাকার রিভার কেন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মেয়েটির বাবা ট্যাক্সিচালক ইফতেখার আহমেদ (৫২) ও মা ফারজানা আহমেদ (৪৯) আদালতে হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেন। তবে বিচারক রড্রিক ইভানস শুনানি শেষে তাঁদের দোষী সাব্যস্ত করে রায় দেন। রায়ে বলা হয়েছে, পরিবারের জন্য দুর্নাম বয়ে আনছে—এমন বিশ্বাসে সাফিলিয়াকে হত্যা করেন তার মা-বাবা। হত্যাকাণ্ডের দায়ে তাঁদের অন্তত ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দম্পতিকে উদ্দেশে করে বিচারক ইভানস বলেন, ‘নিজ সম্প্রদায়ের মধ্যে লজ্জায় পড়া আপনাদের কাছে নিজের সন্তানের প্রতি ভালোবাসার চেয়েও বড় ছিল!’২০০৩ সালের ১১ সেপ্টেম্বর নিখোঁজ হন সাফিলিয়া। এক সপ্তাহ পর তাঁর এক শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। পরে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়। দুবার ময়নাতদন্তের পরও শনাক্ত করা যায়নি সাফিলিয়া কীভাবে মারা গেছে। তবে পারিবারিক রক্ষণশীলতা মেনে না চলায় তাকে হত্যা করা হয়েছে বলেই বুঝতে পারে তদন্তকারী পুলিশ। একটি সশস্ত্র ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার ঘটনায় সাফিলিয়ার ছোট বোন আলিশা আহমেদ আটক হওয়ার পর ওই হত্যাকাণ্ডের জট খুলতে থাকে। আলিশা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, সে তার মা-বাবাকে সাত বছর আগে বোন সাফিলিয়াকে হত্যা করতে দেখেছে। পরে সে আদালতকে জানায়, সাফিলিয়ার ঝোঁক ছিল পশ্চিমা জীবনধারার প্রতি। অন্যদিকে মা-বাবার পক্ষ থেকে চাপ ছিল প্রচলিত পোশাক পরতে এবং পারিবারিকভাবে পছন্দের ছেলেকে বিয়ে করতে। এসব বিষয়ে আপত্তি থাকায় সাফিলিয়ার মুখের ভেতরে একটি প্লাস্টিকের ব্যাগ ঢুকিয়ে দিয়ে অন্য সন্তানদের সামনেই তাকে হত্যা করেন মা-বাবা। বিবিসি।