মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
মেঝেতে পড়ে রয়েছে রক্তাক্ত বটি ও একটি চেয়ার। দেড় বছরের মৃত শিশুটিকে পাওয়া গেল বিছানার ওপরে, গলা কাটা। আর মায়ের মৃতদেহটি বৈদ্যুতিক পাখার সঙ্গে বাঁধা ওড়নায় ঝুলছে।আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থানাধীন নর্দার জগন্নাথপুর এলাকার শহীদ হারেছ সড়কের একটি বাসার তিনতলার একটি ফ্ল্যাট থেকে পুলিশ মা ও শিশুটির লাশ উদ্ধার করে। নিহতেরা হলেন—মা সারজিনা আক্তার (২৮) ও তাঁর দেড় বছরের মেয়ে আনিফা।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্বামী আনিসুর রহমানের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শিশুটিকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। আনিসুর কিছু করতেন না। তিনি বিভিন্ন সময় বিদেশে পাঠানোর কথা বলে বেশ কয়েকজনের কাছে টাকা নিয়ে তাঁদের আর বিদেশে পাঠাননি, টাকাও ফেরত দিচ্ছেন না। পাওনাদারদের কারণে আনিসুর বেশির ভাগ সময়ই বাসায় থাকতেন না। আর পাওনাদারেরা বাসায় এসে টাকা ফেরত দেওয়ার জন্য সারজিনাকে চাপ দিতেন, অপমান করতেন। এই নিয়ে স্বামীকে অনেক বলেও কোনো সমাধান হয়নি। এসব সইতে না পেরেই শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন বলেই মনে হয়। ঘটনার পর আনিসুরকে খুঁজেও পায়নি পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।নিহতের ছোট বোন মৌসুমী আক্তার জানান, একপ্রকার প্রতারণা করেই প্রায় সাড়ে তিন বছর আগে পরিবারের অমতে আদালতে গিয়ে (কোর্ট ম্যারেজ) সারজিনাকে বিয়ে করেছিলেন আনিসুর। বিয়ের সময় আনিসুর বলেছিলেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। পরে জানা যায়, তিনি চাকরি করেন না, আদম ব্যবসা করেন। কিন্তু তিনি আসলে প্রতারক। বিভিন্ন জনের কাছ থেকে বিদেশ পাঠানোর জন্য টাকা নিয়ে মেরে দেওয়াই তাঁর পেশা। পাওনাদারেরা মাঝেমধ্যেই বাসায় এসে সারজিনাকে অপমান করতেন। এ নিয়ে অনেক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।সারজিনা যেখানে থাকতেন তার পাশেই তাঁর বাবার বাসা। সারজিনার বাবা শফিকুল ইসলাম একটি বেসরকারি গবেষণা সংস্থার গাড়িচালক। শফিকুলের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সারজিনা বড়।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির জানান, ওই বাসাটিতে স্বামী ও শিশুসন্তান নিয়ে বাস করতেন সারজিনা। আনিসুর বিভিন্ন রকম প্রতারণার সঙ্গে জড়িত। তিনি (আনিসুর) একাধিক বিয়ে করেছেন বলেও শোনা গেছে। এসব নিয়ে তাঁদের দাম্পত্য কলহ লেগেই থাকত। গত চার দিন ধরে বাসায় ছিলেন না আনিস। দিনের পর দিন এসব নিয়ে মানসিক চাপে থাকা এই গৃহবধূ নিজের শিশুকন্যাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।সারজিনার বোনেরা জানান, আজ সকাল সাতটার দিকে আনিসুর সারজিনার মা তোতা বেগমকে ফোন করে জানান, সারজিনা দীর্ঘ সময় ধরে ফোন ধরছে না। এ খবর পেয়ে তোতা বেগম নিজেই সারজিনার বাসায় যান। দরজা বন্ধ ছিল। এরপর তিনি বাড়িওয়ালা ও প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পেছনের জানালা দিয়ে সারজিনার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।বাড্ডা থানার উপপরিদর্শক আবু আজিজ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। শিশুটির লাশ ছিল বিছানার ওপরে আর সারজিনার লাশ ছিল ফ্যানের সঙ্গে ঝুলন্ত।এর আগে গত বছরের ১১ জুন রাজধানীর পূর্ব জুরাইন থেকে মা ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে ইশরাক কবির পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) লাশ উদ্ধার করা হয়। স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন এ গৃহবধূ।