মেয়েকেই সব দিয়ে গেছেন হুইটনি
প্রয়াত পপতারকা হুইটনি হিউস্টন তাঁর ১৯ বছর বয়সী একমাত্র মেয়ে ববি ক্রিস্টিনার নামেই সব সম্পত্তি উইল করে গেছেন। ডেইলি মেইল এক খবরে জানিয়েছে, হুইটনি তাঁর উইলে ক্রিস্টিনার নামে নির্দিষ্ট কোনো সম্পত্তির বদলে সমস্ত সম্পদ লিখে দিয়ে গেছেন। অর্থাত্ নির্দিষ্ট বয়স হওয়ার পর হুইটনির সব সম্পদের মালিক হবেন ববি ক্রিস্টিনা।৭ মার্চ বুধবার ইনসাইড এডিশন হুইটনির এ উইলের বিষয়টি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এ উইলে স্বাক্ষর করেছিলেন তিনি।উইল অনুসারে হুইটনির সব সম্পদ একটি ট্রাস্টে পরিণত হবে। এ ট্রাস্টের দায়িত্বে থাকবেন ম্যানেজার প্যাট্রিসিয়া হিউস্টন। ববি ক্রিস্টিনার বয়স ২১ বছর হওয়ার পর তিনি ট্রাস্ট থেকে অর্থ নিতে পারবেন। ২৫ বছরের পর থেকে আরও অর্থ ও ৩০ বছর বয়সে পৌঁছলে তিনি ট্রাস্টের পূর্ণ অধিকার ভোগ করতে পারবেন।হুইটনির মেয়ে ববি ট্রাস্ট থেকে টিউশন ফি, গাড়ি-বাড়ি কেনার টাকাও নিতে পারবেন।