মেয়েটি কলেজে যেতে পারে না!
মেয়েটির স্বপ্ন ছিল, ছিল অনেক আশা-আকাঙ্ক্ষা। সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। স্নাতক (সম্মান) পড়ুয়া মেয়েটি এখন কলেজে যেতে পারেন না। অজানা ভয় ও আতঙ্ক তার মনে দানা বেঁধেছে। তাই তাঁর কলেজে যাওয়া বন্ধ হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাঁর পড়াশোনা। মেয়েটির ওপর নির্যাতনকারী ওই কলেজেরই এক ছাত্র। আর এই রোমহর্ষক পাশবিক নির্যাতনে সহযোগিতাও করেছেন তাঁরই এক বান্ধবী। এ ঘটনার বিচার চেয়ে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে অধ্যক্ষসহ শিক্ষকেরাও মানববন্ধনে অংশ নেন। শিক্ষক-শিক্ষার্থীরা বিষণ্ন মনে মানববন্ধনে দাঁড়িয়ে ধিক্কার জানিয়ে বিচার চেয়েছেন। গত ২১ ডিসেম্বরের ঘটনা। ঘটনাস্থল শহরের কলেজ রোডের খামার এলাকার এক ছাত্রীনিবাস। কারমাইকেল কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীর জীবনে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেয়েটি কি কখনো ভেবেছিলেন তাঁর জীবনে এমন একটি ঘটনা ঘটে যাবে? মেয়েটিকে মনে মনে ভালোবাসতেন ওই কলেজের বাংলায় স্নাতকোত্তর শ্রেণীর একজন। এতে মেয়েটির কোনো সাড়া ছিল না। ঘটনার দিন দুপুরে কারমাইকেল কলেজের পাশে শহরের কলেজ রোডের খামারপাড়া এলাকায় ওই ছাত্রীনিবাসে ছেলেটিকে আরেক ছাত্রীর সহযোগিতায় বোরকা পরিয়ে মেয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এমন সময় ওই ছাত্রীনিবাসে অন্য ছাত্রীরাও ছিলেন না। বোরকা পরিয়ে মেয়ে সাজিয়ে ওই মেয়ের ঘরে ঢুকিয়ে দিয়ে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেন মেয়েটির বান্ধবী। এরপর মেয়েটির ওপর অমানুষিক নির্যাতন চালান ছেলেটি। আর এ দৃশ্য চুপিচুপি ভিডিওতে ধারণ করা হয়। লজ্জা ভয়ে মেয়েটি কাউকে কিছু বলতে চাননি। একাকী পথ চলেন। চুপচাপ বসে থাকেন। ক্লাসে গেলে তাঁর মন বসে না। যেন এক অজানা ভয় তাঁর ভেতর দোল খেয়ে ওঠে। সেই দিনের ঘটনার কথা মনে হলে তাঁর শরীর-মন নিস্তেজ হয়ে পড়ে। মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর এমন অবস্থা দেখে বন্ধুবান্ধবী জানতে চান। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। এরপর ঘটনা থেমে থাকে না। ভিডিওচিত্র প্রচার করে দেওয়া হবে—এমন ভয় দেখিয়ে তাকে আবার কুপ্রস্তাব দেওয়া হয়। মেয়েটি অসহায় হয়ে পড়েন। কাউকে কিছু বলতেও পারছেন না। পথ চলতে মাঝেমধ্যে চোখ বেয়ে পানি পড়তেও দেখা গেছে বলে তার বান্ধবীরা জানিয়েছেন। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে মেয়েটি কোতোয়ালি থানায় সশরীরে উপস্থিত হয়ে সেই দিনের রোমহর্ষক কাহিনির বর্ণনা তুলে ধরেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর কথা শুনে অবাক হয়ে যান। ওসি তাঁকে সহযোগিতার আশ্বাস দেন। মেয়েটি নিজেই বাদী হয়ে ধর্ষক ও ঘটনার সঙ্গে সহযোগিতাকারী মেয়েটির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে একটি মামলা করেন ২৮ ডিসেম্বর। মামলার পর ধর্ষণে সহযোগিতাকারীকে জেলার মিঠাপুকুর উপজেলার এক নিকটাত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে ধর্ষক এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া মেয়েটি ধর্ষণে সহযোগিতা করার সত্যতা স্বীকার করেছেন। ছাত্রীনিবাসের ওই কক্ষ তল্লাশি করে ছেলেটির পরিহিত একটি বোরকা, লুঙ্গি, মাফলারসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থল সেই ছাত্রীনিবাসের স্বত্বাধিকারীকে পাওয়া যায়নি। পুলিশ তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, ‘এমন দুঃখজনক, লজ্জাজনক ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদের ভাষা আমার জানা নেই।’