মেয়েটি সম্পর্ক রাখতে চায়নি বলে কুপিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়েটি প্রেমের সম্পর্ক রাখতে চায়নি বলে রাগে-ক্ষোভে আমি তাকে কুপিয়ে জখম করেছি।’ বরগুনার সেই কলেজছাত্রীকে কুপিয়ে জখম করার কথা এভাবেই স্বীকার করেন বখাটে মহসিন হোসেন সিকদার। গতকাল সোমবার বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে তিনি সাংবাদিক ও পুলিশের সামনে এসব কথা বলেন।এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আহত কলেজছাত্রীকে দেখতে গতকাল রাজধানীর ট্রমা সেন্টারে যান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। বখাটে মহসিনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।মহসিনের দাবি, ওই কলেজছাত্রীর সঙ্গে তাঁর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি মেয়েটি তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। এরপর তিনি বহু চেষ্টা করেও সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারেননি। বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলে মেয়েটি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।মহসিনের ভাষ্যমতে, ‘মেয়েটি আমাকে এড়িয়ে চলতে শুরু করলে আমি সম্পর্ক স্বাভাবিক করতে মরিয়া হয়ে উঠি। তার সঙ্গে আরেকজনের সম্পর্ক গড়ে উঠেছে—এ কথা শুনে আমি বেপরোয়া হয়ে উঠি। ঘটনার আগের দিন রাতে মুঠোফোনে তার বড়বোনকে কল করে তার খবর জানতে চাই। তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করায় আমি আরও ক্ষিপ্ত হই। পরদিন সকালে গাছকাটার একটি দা নিয়ে মেয়েটির কলেজে যাওয়ার পথে ওত পেতে থাকি। সকাল নয়টার দিকে মেয়েটি ও তার বাবা চেরাগ আলীর বাড়ির সামনে এলে আমি তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। মেয়েটি আমাকে জুতা দিয়ে পেটাতে শুরু করলে আমি প্রথমে তার হাতে কোপ দিই। সে দৌড়ে পালানোর সময় পড়ে গেলে ডান পায়ে আঘাত করি।’বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম সাংবাদিকদের বলেন, মামলার তদন্তের ক্ষেত্রে তাঁরা যথেষ্ট অগ্রগতি করতে পেরেছেন।জানা যায়, ২০০৭ সালে একটি মেয়েকে অপহরণ করে নির্যাতন করার অভিযোগে মহসিনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি ১৭ দিন হাজতে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন। ২০০৮ সালে অন্য একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় বরগুনা সদর থানায় অভিযোগ দেওয়ার পর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন মহসিনকে সতর্ক করে দেন।গতকাল মহসিনকে বরগুনার মুখ্য বিচারিক হাকিম এম এ রব হাওলাদারের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গুরুতর জখম মেয়েটির এক বোন গতকাল রাজধানীর ট্রমা সেন্টার থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সোমবার সারা দিন তাঁর বোনের শরীরে প্রচণ্ড যন্ত্রণা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় রক্তের অভাবে গতকাল কোনো অস্ত্রোপচার হয়নি। চিকিৎসকেরা বলেছেন, তাঁর পায়ে আরও সাত-আটটি অস্ত্রোপচার করতে হবে।হাসপাতালে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী: ট্রমা সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার আগে মেয়েটি থানায় মহসিনের নামে জিডি করেছিলেন। তার পরও কেন সংশ্লিষ্ট থানা ওই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তা জানতে চাওয়া হয়েছে। যদি থানার কর্মকর্তার কোনো গাফিলতি থেকে থাকে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষামন্ত্রী মেয়েটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন।উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড: নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক গৃহবধূকে মুঠোফোনে উত্ত্যক্ত করার দায়ে গত রোববার হানিফ (২৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান এ আদেশ দেন।সূত্র জানায়, উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের হানিফ মিয়া একই গ্রামের এক গৃহবধূকে মুঠোফোনে অশ্লীল ছবিসহ খুদে বার্তা পাঠিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই গৃহবধূ বিষয়টি নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে জানান। গত রোববার হানিফ মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় ইউএনও মো. ফজলুর রহমান থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হানিফকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন।এক বখাটে গ্রেপ্তার: গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর নলিয়াপাড়া এলাকা থেকে গত রোববার আহম্মদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর হোসেন জানান, বখাটে আহম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।