মেয়েটিকে কাজ করতে উৎসাহ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মে নারীমঞ্চে প্রকাশিত ফারহানা হকের ‘আমার কিছু কথা আছে’ লেখাটি নিয়ে দু-চারটা কথা বলতে চাই। তিনি সমাজের সব নারীর উদ্দেশে বলেছেন যে শিক্ষার বিস্তার ঘটলেই মেয়েদের মুক্তি আসবে। আহ্বান করেছেন প্রত্যেক নারী যেন নিজেকে শিক্ষিত করে স্বাবলম্বী হয়ে সামাজিক দায়িত্ব পালন করেন। কিন্তু কেবল শিক্ষিত হলেই সমাজের পরিবর্তন আসবে না। তিনি প্রশ্ন করেছেন, কজন শিক্ষিত নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন? এর উত্তরে আমি বলতে চাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কেবল শিক্ষাটাই যথেষ্ট নয়। বরং দরকার নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের যথাযথ সুযোগ এবং তার সদ্ব্যবহার।আজকের নারীরা শিক্ষায়, যোগ্যতায় কোনো অংশে পুরুষের থেকে কম নয়। অনেক মেয়েই আছেন, যাঁরা নিজ পায়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার স্বপ্ন দেখেন। কিন্তু কটি মেয়ে পায় পরিবারের পূর্ণ সহযোগিতা? আমার আশপাশে এমন অনেক শিক্ষিতা বিবাহিত নারী আমি দেখি, যাঁরা ইচ্ছা থাকা সত্ত্ব্বেও কেবল সুযোগের অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছেন না। এমন অনেক পরিবার আছে, যারা তাদের কন্যাদের শিক্ষিত করতে যতটা আগ্রহী, তাদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে মেয়েটি ততটা সহযোগিতা পায় না। অনেক মা বা শাশুড়ি এই হীনম্মন্যতায় ভোগেন যে তাঁরা যেহেতু সারা জীবন সংসারের ঘানি টেনেছেন, তাঁদের মেয়ে, বউয়েরাও সংসার নিয়েই থাকবে, তাদের নিজ পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার দরকার কী? আবার এমন অনেক স্বামীও আছেন, যাঁরা শিক্ষিতা, স্মার্ট, ফ্যাশনেবল স্ত্রী চান। কিন্তু স্ত্রীর চাকরি করতে গেলে বা নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখলেই তাদের ঘোরতর আপত্তি, যেন সংসারধর্ম পালন করাটাই নারীদের একমাত্র কাজ।সেসব সনাতনী ধ্যানধারণার মানুষদের উদ্দেশেই বলছি, এসব বদ্ধমূল ধ্যানধারণা পরিবর্তনের সময় এসেছে। নারীদের কর্মজীবনে প্রবেশ করা মানে কেবল তার অর্থনৈতিক স্বনির্ভরতাই নয়। বরং তাঁর নিজস্ব সত্তার স্বীকৃতি। আমার মতে, প্রত্যেক মেয়েই সমাজে কারও মা, বোন, স্ত্রী প্রভৃতি পরিচয়ের বাইরেও মানুষ হিসেবে তাঁর সত্তার একটা স্বীকৃতি চায়। আগের প্রজন্মের মানুষের চিন্তাচেতনার সঙ্গে বর্তমান প্রজন্মের চিন্তাভাবনার পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক। নতুন প্রজন্ম সমাজকে বিশ্লেষণ করবে, পরিবর্তন করবে, এটাই নিয়ম। যারা সমাজের নতুন নিয়মরীতি মেনে নিতে পারে না, তারা হয়ে ওঠে স্থবির। আধুনিক শিক্ষিত সমাজের উদ্দেশে বলছি, মেয়েকে শিক্ষিত করেই কেবল ক্ষান্ত হবেন না, পুরোনো সংস্কার, আর ধ্যানধারণা ছুড়ে ফেলে মেয়েটিকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিন, যেন কেবল রান্নাঘর আর অন্দরমহলে তাদের জীবনলীলা শেষ করতে না হয়। সুতরাং, এখন সময় আসুক পরিবর্তনের। মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সব রকমের সহযোগিতা যেন তার পরিবার থেকেই পান, তাহলেই তাঁরা যথাযথভাবে নিজ নিজ সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন, নিজেদের পরিপূর্ণ বিকাশ করতে পারবেন, পাবেন তাঁর সত্তার সর্বোচ্চ স্বীকৃতি। মিতা মেহজাবিন