মেয়েটিকে রাস্তায় ফেলে মারল এক বখাটে!
ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে তার প্রতিবেশী এক বখাটে তাকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে এবং ঘটনাটি অভিভাবককে বলে দিতে চাইলে মেয়েটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে। এরপর মেয়েটিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত সটকে পড়ে বখাটে। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ী উন্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বেদম প্রহারে তার বাঁ হাত ভেঙে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। এ ব্যাপারে মেয়েটির বাবা বদরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা যায়, উন্তাপাড়া গ্রামের খায়রুল হক (২৭) প্রায়ই বিদ্যালয়ে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মা-বাবাকে জানায় মেয়েটি। তার বাবা খায়রুলকে সতর্ক করে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন খায়রুল। শুক্রবার বিকেল পাঁচটার দিকে মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে খায়রুল তাকে আবারও কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে খায়রুল প্রকাশ্যে মেয়েটিকে লাঠি দিয়ে পেটান এবং চুল মুঠো করে ধরে মাটিতে ফেলে লাথি মারেন। গতকাল শনিবার ওই গ্রামে গেলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, খায়রুল বখাটে যুবক। ইতিমধ্যে তিনি তিনটি বিয়ে করেছেন। বর্তমানে এক স্ত্রীকে নিয়ে সংসার করছেন। গতকাল দুপুরে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় নির্যাতিত ওই মেয়ের সঙ্গে। বাম হাতটি ব্যান্ডেজ দিয়ে গলার সঙ্গে ঝোলানো ছিল। মেয়েটি প্রথম আলোকে বলে, ‘খায়রুলের প্রস্তাবে রাজি না হওয়ায় লাঠি দিয়ে মেরেছে। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি মেরেছে; টানাহেঁচড়া করেছে। আমার বইখাতা ছিঁড়েছে। তার কঠিন শাস্তি চাই।’হাসপাতালে মেয়েটির শয্যাপাশে থাকা তার মা বলেন, ‘মুই গরিব মানুষ। চিকিৎসা করবার টাকা পাওচো না। মুই খায়রুলের বিচার চাও।’স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ‘আঘাতে মেয়েটির শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, বেদম প্রহারে তার বাম হাত ভেঙে গেছে। হাসপাতালে এক্স-রে করা হয়েছে। রিপোর্ট রংপুর থেকে আসবে। মেয়েটির উন্নত চিকিৎসা দরকার।’মেয়েটির বড় ভাই বলেন, বদরগঞ্জ থানার পুলিশ গতকাল বেলা ১১টার দিকে গ্রামে যায়। কিন্তু পুলিশ ফিরে যাওয়ামাত্রই খায়রুল লাঠি নিয়ে তাঁদের মারতে তেড়ে আসেন। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘মোক চিনিস না। মামলা তুলি নিবু, না হইলে সাধ মিটি দেইম।’মারধরের ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে গিয়েও খায়রুলকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী নারগিস বেগম বলেন, ‘আমার স্বামী মেয়েটিকে মারধর করেছে। তবে কী জন্য করেছে তা জানি না।’মামলার তদন্ত কর্মকর্তা ও বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়েটিকে রাস্তায় ফেলে নির্দয়ভাবে পিটিয়েছে খায়রুল।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘মেয়েটিকে মারধরের ঘটনায় নারী নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। যেহেতু এটি নারী নির্যাতন মামলা, তাই আরও তদন্ত করে আসামি ধরার ব্যাপারে পদক্ষেপ নেব। আর আসামি যদি বাদী বা মেয়েটিকে হুমকি দেয়, সেটি আমরা দেখব।’