মেয়েটির এসএসসি পরীক্ষা শেষ করা হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থী এক মেয়েকে প্রথমে প্রেম নিবেদন। সাড়া না পেয়ে সম্ভ্রমহানি ও অপহরণের হুমকি। বিষয়টি স্থানীয় থানায় জানান মেয়েটির বাবা। কিন্তু বখাটেকে ধরেনি পুলিশ। ফলে থামেনি উত্ত্যক্ত করাও। বরং মেয়েটির ছবিসহ কুরুচিপূর্ণ কথা লিখে লিফলেট ছাপানো হয়। পরীক্ষার হলসহ এলাকা ছেয়ে যায় ওই লিফলেটে। অব্যাহত উত্ত্যক্ত করা ও মানসিক নির্যাতনে ভেঙে পড়ে মেয়েটি। বন্ধ করে দেয় খাওয়াদাওয়া। একপর্যায়ে গত সোমবার সন্ধ্যায় অচেতন হয়ে পড়ে মেয়েটি। চিকিৎসা নেয় বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসএসসি পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। তবে শরীর খুব দুর্বল এবং বখাটেদের আতঙ্কে থাকায় মেয়েটি এসএসসি পরীক্ষা শেষ করতে পারবে কি না, এ নিয়ে সংশয়ে আছেন পরিবারের সদস্যরা। মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পর সোমবার গভীর রাতে বখাটে সাইফুল ইসলাম ওরফে শাহিনকে (৩০) আটক করে বেতাগী থানার পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় (সন্দেহমূলক) গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সাইফুলের বাড়ি বেতাগীর সদর ইউনিয়নের কিসমত ভোলানাথপুর গ্রামে। বখাটেপনাসহ সাইফুল নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছে।বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুস্তম আলী প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে হাসপাতালে আনার সময় মেয়েটি কিছুক্ষণ পরপর খিঁচুনি দিচ্ছিল। বেশ কয়েক দিন না খাওয়ায়, অতিরিক্ত মানসিক চাপ ও প্রচণ্ড ভয়ে এটা হয়েছে বলে আমার মনে হচ্ছে।’ রুস্তম আলী জানান, ‘মেয়েটির সামনে এসএসসি পরীক্ষা। তাই প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে গতকাল সকালে বাড়ি পাঠিয়ে দিয়েছি।’ মেয়েটির পরিবারের সদস্যরা জানান, প্রচণ্ড দুর্বলতা ও আতঙ্কে মেয়েটি কথা বলছে না। উঠে দাঁড়ানোর শক্তিও তার নেই। পরিবারের সদস্যরা জানান, এলাকার চিহ্নিত বখাটে সাইফুল ও শামীম অনেক দিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছে। বিদ্যালয়ে যাতায়াতের পথে তারা নানা ধরনের কুপ্রস্তাব দিত এবং ঘরে নিয়মিত ইটপাটকেল ছুড়ত। এসএসসি পরীক্ষা শুরুর কয়েক দিন আগে বিষয়টি বেতাগী থানায় মৌখিকভাবে অভিযোগ করা হয়। এতে সাইফুল, শামীমসহ অন্য বখাটেরা ক্ষিপ্ত হয়। তারা গত ২ ফেব্রুয়ারি রাতের কোনো একসময় মেয়েটির ছবিসহ তার সম্পর্কে কুরুচিপূর্ণ কথা লিখে আপত্তিকর লিফলেট ছাপায়। আর তা বেতাগীর এসএসসি পরীক্ষার সব কেন্দ্র, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এবং মেয়েটির বাড়ির দরজায়ও সেঁটে দেয়। এর পর থেকে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি মেয়েটির অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাবা বেতাগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বিষয়টি তদন্তের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেনকে দায়িত্ব দেন। কিন্তু এএসআই ফারুক বিষয়টি আপস করার জন্য মেয়েটির বাবাকে তাগিদ দেন। মেয়েটির বাবা অভিযোগ করেন, ‘থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বখাটেরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বখাটেদের কারণে আমার মেয়ের জীবন আজ অনিশ্চিত। আর আমরাও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হলাম।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘এর চেয়ে আমাদের মেরে ফেললেও ভালো হতো।’ মেয়েটির মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমরা কী অন্যায় করেছি যে ওরা আমাদের এমন ক্ষতি করল। লিফলেট লাগানোর পর থেকে মেয়েটা ভাত-পানি মুখে দেয় না। কারও সঙ্গে কোনো কথাও বলে না। আমরা এর উপযুক্ত বিচার চাই।’উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর আমি মেয়েটির বাবাকে নিয়ে থানায় গিয়ে বখাটেদের বিরুদ্ধে জিডি করি। কুরুচিপূর্ণ লিফলেট ছাপানোর ঘটনাটি খুবই গর্হিত।’ বেতাগী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান জানান, ‘কুরুচিপূর্ণ লিফলেটের কারণে শুধু মেয়েটি নয়, ওদের গোটা পরিবার এখন মানসিকভাবে বিপর্যস্ত। পুলিশ আগে ব্যবস্থা নিলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার।’যোগাযোগ করা হলে বেতাগী থানার এএসআই ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির মানসম্মানের কথা চিন্তা করে পরিবারকে আপস করতে বলেছিলাম। এখন বুঝতে পারছি ঘটনাটি খুবই গুরুতর।’বেতাগী থানার ওসি মো. শাহআলম জানান, ‘জিডির বিষয়টি ৩০৯ (উত্ত্যক্ত) ধারার অপরাধ হওয়ায় বিষয়টির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি লাগে। আদালতের নির্দেশনা পাইনি বলে এত দিন বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। আজ নির্দেশনা পেয়েছি। এখন জিডিটি মামলায় পরিণত হবে।’ ওসি বলেন, সম্প্রতি একই এলাকার বাবুল নামের এক ব্যক্তি সাইফুলের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ তদন্তের সময় ওই মেয়েটি সাইফুলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। ধারণা করছি, এর জের ধরে সাইফুল ও তার সহযোগীরা মেয়েটির বিরুদ্ধে লিফলেট বিতরণ করতে পারে।এর আগে গত ২৯ জানুয়ারি রাতে বেতাগী পৌর শহরের উপকণ্ঠে দক্ষিণ বেতাগী গ্রামের এক কলেজছাত্রীর জিহ্বা কেটে ফেলার চেষ্টা চালায় প্রতিবেশী বখাটে যুবক শাহ জালাল। এতে মেয়েটির জিহ্বার অনেকটা কেটে যায় এবং মাথা ও নাকে গুরুতর জখম হন। ঘটনার পর পুলিশ বখাটে শাহ জালালকে গ্রেপ্তার করে।