মেয়েদের উত্ত্যক্ত করায় তিনজনকে কারাদণ্ড
মেয়েদের উত্ত্যক্ত করার (ইভ টিজিং) দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও রাজবাড়ী সদরে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম প্রথম আলোকে জানান, উপজেলার খালে আলমপুর গ্রামের আবদুল মতিন (১৯) ভোলাহাটের নেকজান উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করছেন। তিনি গত বৃহস্পতিবার মুঠোফোনে ওই ছাত্রীর ছবি তোলেন। অভিযোগ পেয়ে শুক্রবার শহরের মেডিকেল মোড় থেকে মতিনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভোলাহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে মতিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।পুলিশ সূত্র জানায়, রাজবাড়ীতে কলেজছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে গতকাল শনিবার দুই শিক্ষার্থীকে তিন দিনের কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া শিক্ষার্থীরা হলো পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণীর ছাত্র আলী আহসান মুজাহিদ (২৩) ও পাংশা জর্জ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ইমরান (১৬)। তাদের বাড়ি জেলার পাংশা উপজেলার নারায়ণপুর এলাকায়।রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার জানান, মুজাহিদ ও ইমরান গতকাল সকাল ১০টার দিকে আদর্শ মহিলা কলেজের সামনে একটি মোটরসাইকেলে বসে কলেজছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শরীফুল ইসলামের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত তাদের ওই সাজা দেন।