২০০৬ সালে নতুন যাত্রা শুরুর পর সম্প্রতি ওয়ানডে মর্যাদা পেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ জন্য অভিনন্দন সবাইকে। রক্ষণশীল সমাজে যেখানে ঘরের বাইরে মেয়েদের চলাচলা করা দায়, সেখানে সালমা-শুকতারারা মিরপুর, ফতুল্লা কিংবা বিকেএসপিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেললেন বিদেশি দলের সঙ্গে। মূল পর্বে জায়গা না পেলেও এই বাছাইপর্ব খেলেই ওয়ানডে মর্যাদা নিয়ে আসতে পেরেছেন সালমারা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা দারুণ অনুপ্রেরণা হবে। যেমন ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে আকরাম-বুলবুলরা প্লাটফর্ম তৈরি করে দিয়েছিলেন আশরাফুল-সাকিবদের জন্য।জাতীয় পর্যায়ে অন্যান্য খেলাতেও উঠে আসছেন মহিলা খেলোয়াড়েরা। ফুটবল এর বড় উদাহরণ। ভারোত্তোলন, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার, সাইক্লিংসহ আরও অনেক খেলাতেই আসছে মেয়েরা। কিন্তু দুঃখজনক, ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়লেও সুযোগ-সুবিধা সেভাবে নেই। অবকাঠামোগত সুবিধাও কম। ব্যাপারটি নিয়ে কোনো ফেডারেশন দূরে থাক, জাতীয় ক্রীড়া পরিষদও ভাবছে কি না সন্দেহ।বাংলাদেশের ক্রীড়াবিদেরা যখন মাঠের অভাবে অনুশীলন করতে পারেন না, তখন এ দেশের মাথাভারী ক্রীড়া প্রশাসন খেলার মাঠ বরাদ্দ দেয় তাঁতমেলা, বস্ত্রমেলা প্রভৃতির জন্য! সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সটিও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ, অল্প কিছু টাকার জন্য ভাড়া দেবেন না মেয়েদের খেলাধুলায় সবেধন নীলমণি এ কমপ্লেক্সটি। সারা বছর অনুশীলনের জন্য মাঠ উন্মুক্ত এবং খেলার উপযোগী রাখুন। তাতে লাভবান হবে দেশের ক্রীড়াঙ্গনই।তোফায়েল আহমেদ, সরিষাবাড়ী, জামালপুরপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।