মেয়েদের জোর করে বোরকা পরাতে হবে: ইসলামী আন্দোলন
আফগানিস্তানে বাংলাদেশের সেনাবাহিনী পাঠাতে দেবে না ইসলামী আন্দোলন। যে মেয়েরা বোরকা পরে না, তাদেরকে জোর করে বোরকা পরানোর ঘোষণাও দিয়েছেন দলটির একজন শীর্ষস্থানীয় নেতা। অযোধ্যার জমি নিয়ে ভারতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লংমার্চ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির আমির সৈয়দ মো. রেজাউল করিম।বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেছেন। গত বৃহস্পতিবার ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে মামলার রায় ঘোষণার পর দিন বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলোর তত্পরতার আশঙ্কায় আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে ধর্মভিত্তিক কোনো দল বা সংগঠনের নেতা-কর্মীরা এ নিয়ে কোনো ধরনের বিক্ষোভ করেনি।তবে ইসলামী আন্দোলনের পূর্বঘোষিত সমাবেশে বক্তারা বিষয়টি নিয়ে কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, ‘যাদেরকে আমরা শক্তিশালী রাষ্ট্র বলে জানি, তারাই আফগানিস্তান থেকে পিছু হটছে। এ অবস্থায় সেখানে আমাদের সৈনিক ভাইদের পাঠানো মানে হচ্ছে তাঁদেরকে গুলির মুখে ঠেলে দেওয়া। জাতিসংঘ ভারতের কাছেও সৈন্য চেয়েছিল। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া কোনো মুসলমান রাষ্ট্র আফগানিস্তানে সৈন্য পাঠায়নি। অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ সৈন্য পাঠানোর কথা বিবেচনা করবে—এটা হবে না।’বাবরি মসজিদ নিয়ে মামলার রায়ের কথা উল্লেখ করে রেজাউল করিম বলেন, এটা মসজিদের জায়গা। অথচ এটা মন্দিরকে দিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে লংমার্চ করা হবে এ রায়ের বিরুদ্ধে।‘কাউকে বোরকা পরতে বাধ্য করা যাবে না।’ হাইকোর্টের এমন রায়ের সমালোচনা করে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘যে মেয়েরা বোরকা পরতে চায় না, তাদেরকে জোরপূর্বক বোরকা পরাতে হবে। তাদেরকে এভাবে ছাড়া হবে না।...বোরকা ছিল, থাকবে।’