মেয়েদের স্কুলের সামনে পুলিশ মোতায়েন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উৎপাত বন্ধ করতে রাজধানীতে মেয়েদের স্কুলগুলোর সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সম্প্রতি মেয়েদের স্কুলের সামনে বখাটেদের উৎপাত বেড়ে গেছে। বিশেষ করে বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। সে কারণেই আজ থেকে সব স্কুলের সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেউ স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সচিব হুঁশিয়ার করে দেন।গত শনিবার রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের ছাত্রী ইলোরা বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। দেশে বিভিন্ন সময় বখাটেদের অত্যাচারের জেরে কয়েকটি আলোচিত আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সমস্যার কারণে ছাত্রীদের একটি অংশ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়তে পর্যন্ত বাধ্য হয়।সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মহিলা আইনজীবী ফোরামের নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, শুধু ঢাকার স্কুলগুলোর সামনে পুলিশ দিলে চলবে না; সারা দেশের স্কুলের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখতে হবে। সপ্তাহে অন্তত দুই দিনও যদি পুলিশ টহল দেয়, তবে স্কুলগুলোর সামনে বখাটেদের উৎপাত কমে আসবে।