মেয়েবন্ধুই শাহরুখের বেশি পছন্দ
ছেলেদের চেয়ে মেয়েদের সঙ্গই বেশি পছন্দ বলিউডের হার্টথ্রব নায়ক শাহরুখ খানের। স্বভাবতই শাহরুখের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় নারীর সংখ্যাই বেশি। তাঁদের মধ্যে আছেন কাজল, ফারাহ খান, জুহি চাওলা ও রানী মুখার্জি।লন্ডনের একটি রেস্টুরেন্টে স্ত্রী গৌরী এবং ১০ মেয়েবন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতে অবলীলায় এসব কথা জানিয়ে দিলেন ‘কিং খান’ নিজেই। ডিসকভারি ট্রাভেল অ্যান্ড লিভিংস শাহরুখ খানের ব্যক্তিগত জীবন নিয়ে লিভিং উইথ এ সুপারস্টার-শাহরুখ খান নামে টিভি সিরিজ শুরু করেছে। তাদেরকে দেওয়া সাক্ষাত্কারেই এসব কথা বলেন শাহরুখ।এত মেয়েবন্ধুর ভিড়ে শাহরুখের একমাত্র ছেলেবন্ধু ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, কাভি আলবিদা না ক্যাহেনার পরে বন্ধু শাহরুখকে নিয়ে করণ তৈরি করছেন নতুন চলচ্চিত্র মাই নেম ইস খান। শাহরুখ সম্পর্কে আরও জানতে হলে চোখ রাখতে হবে নতুন টিভি সিরিজ লিভিং উইথ এ সুপারস্টার-এ। সেখানে ভক্ত ও সহকর্মীদের ভিড়ের মধ্যে থেকেও শাহরুখকে আলাদা করে চেনার চেষ্টা চলবে। ২৬ ফেব্রুয়ারি থেকেই এর প্রচার শুরু হবে। বিভিন্ন পর্বে পরিবারের সদস্যের সঙ্গে শাহরুখের ব্যক্তিজীবন তুলে ধরা হবে। সেই সঙ্গে ফুটবল খেলা, ধূমপান, ছবির প্রদর্শনী দেখা, লন্ডনে পরিবারের সঙ্গে অবকাশযাপন—শাহরুখের দৈনন্দিন জীবনের সবই দেখানো হবে। এসবের মধ্যে দিয়েই চিনতে চেষ্টা করা হবে বলিউড সুপারস্টার শাহরুখকে। ডিসকভারি নেটওয়ার্কস এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাহুল জহুরী জানান, শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ব্লু ম্যাঙ্গো ফিল্মসের যৌথ প্রযোজনায় সিরিজটি তৈরি হচ্ছে। ২০০৯ সালের মার্চ থেকে শাহরুখ যেখানে যেখানে গেছেন, সেখানেই তাঁর সঙ্গী হয়েছে ডিসকভারি ট্রাভেল অ্যান্ড লিভিংস। দুবাই, সানফ্রান্সিসকো, লন্ডন, মুম্বাই, নয়াদিল্লি সবখানেই শাহরুখের সঙ্গী হয়েছে ডিসকভারি ট্রাভেল অ্যান্ড লিভিংস।