মেয়ের উত্ত্যক্তকারীরা বাবাকে পিটিয়ে আহত করেছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। তাঁর নাম হরে কৃষ্ণ দাস (৫০)। এ সময় হরে কৃষ্ণকে রক্ষা করতে এসে তাঁর ছেলে লক্ষ্মণ দাসও বখাটেদের হামলার শিকার হয়েছেন।গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় নবীনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।হরে কৃষ্ণকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভোলাচং গ্রামের কর্মকার পাড়ার জসিম মিয়া (১৮) তাঁর দলবল নিয়ে এই গ্রামের ভোলাচং উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন।গতকাল বুধবার সকালে মেয়ের বাবা হরে কৃষ্ণ দাস এর প্রতিবাদ করেন। এতে জসিম ও তাঁর ভাই কবির ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে সন্ধ্যা সাতটার দিকে মেয়ের বাড়িতে হামলা করেন।সন্ত্রাসীরা হরে কৃষ্ণ দাসকে (৫০) পিটিয়ে রক্তাক্ত করে। তাঁকে বাঁচাতে এসে ছেলে লক্ষ্মণ দাসও (২২) আহত হন। পরে রাতেই গুরুতর আহত হরে কৃষ্ণ দাসকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় আজ বৃহস্পতিবার হরে কৃষ্ণ দাসের স্ত্রী লক্ষ্মী রানী দাস (৪০) থানায় লিখিত অভিযোগ করেছেন।এ বিষয়ে অভিযুক্ত জসীম, কবির ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কারও সঙ্গে কথা বলা যায়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফুয়াদ রুহানি আজ প্রথম আলোকে বলেন, ‘মেয়ের মা লক্ষ্মী দাসের লিখিত অভিযোগ পেয়ে একজন উপপরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’