মেয়ের নাম পেটেন্ট করবেন বিয়ন্সি!
‘ব্লু আইভি কার্টার।’ মার্কিন সংগীত তারকা দম্পতি বিয়ন্সি নোলস-জে-জিয়ের মেয়ে। মেয়ের নাম ব্লু আইভি কার্টার রাখার পর সম্প্রতি এ নামটির স্বত্ব পেটেন্ট করিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন করেছেন তাঁরা।আদালতের রায় পেলেই বিয়ন্সির মেয়ে ছাড়া এ নামটি আর কেউ ব্যবহার করতে পারবেন না। নিজেদের ব্যবসায় শিশু পণ্যের ব্র্যান্ড নাম হিসেবে নিজের মেয়ের নাম ব্যবহার করতে চান এ তারকা দম্পতি। আর কেউ যাতে ব্লু আইভি কার্টার নামটি ব্যবহার করতে না পারে সে কারণেই নামটি পেটেন্ট করে নিতে চাইছেন তাঁরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সাময়িকী জানিয়েছে, বিয়ন্সির প্রতিষ্ঠান বিজেকে ট্রেডমার্ক হোল্ডিংসের পক্ষ থেকে পেটেন্টের এ আবেদন করা হয়েছে। যদিও এ আবেদনে এখনও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের আদালত, তবে বিয়ন্সি নোলস ও জে-জি পেটেন্ট পাবার বিষয়ে আশাবাদী।বিয়ন্সি কন্যা ব্লু আইভি কার্টারের জন্ম ২০১২ সালের ৭ জানুয়ারি। কিন্তু শিশুটির নামকরণের পরপরই ব্লু আইভি কার্টার নামটি নিয়ে গোল বেঁধেছে। ইতিমধ্যেই এ নামের পেটেন্ট পেতে আরও দুটি আবেদন জমা পড়েছে পেটেন্ট আদালতে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এক ফ্যাশন ডিজাইনার ‘ব্লু আইভি কার্টার ফোর’ ও ‘ব্লু আইভি কার্টার গ্লোরি ফোর’ নামে সুগন্ধি পণ্যের পেটেন্ট পেতে দুটি আলাদা আবেদন করেছিলেন। কিন্তু তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত।