মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আবুল কালাম (৫১) নামে এক ব্যক্তিকে তাঁর স্বজনেরা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামে নিজের বাড়ির পাশের একটি কবরস্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, সেকান্দরপুরের সৌদি-প্রবাসী আবদুল কালামের স্কুলপড়ুয়া মেয়ের বিয়ের জন্য একাধিকবার প্রস্তাব পাঠান তাঁর আপন ভায়রা বলাকাত উল্লার ছেলে একই উপজেলার এনায়েতনগর গ্রামের কামাল উদ্দিন (২৭)। কালামের পরিবার প্রতিবারই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কামাল মাঝেমধ্যে খালুর বাড়িতে বেড়াতে যেতেন। অভিযোগ উঠেছে, কয়েক দিন আগে বেড়াতে গিয়ে আবুল কালামের বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা চুরি করেন কামাল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়। গত শুক্রবার বিকেলে সালিস বৈঠকের কথা বলে খালু আবুল কালামকে ডেকে নিয়ে যান কামাল। সন্ধ্যায় মুঠোফোনের মাধ্যমে কালামের স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন কামাল। কালামকে আটক করে চাঁদা দাবির বিষয়টি তাঁর পরিবারের পক্ষ থেকে রাতেই দাগনভূঞা থানায় জানানো হয়।গতকাল সকালে বাড়ির পাশের কবরস্থানে আবুল কালামের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। কালামের একটি চোখ উপড়ানো এবং গলায় দাগ রয়েছে। কালামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।এ ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী বাদী হয়ে কামাল উদ্দিন ও তাঁর বাবা বলাকাত উল্লাসহ পাঁচজনকে আসামি করে দাগণভূঞা থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ বলাকাত উল্লাকে গ্রেপ্তার করেছে। অন্যরা পলাতক। নিহত কালামের স্ত্রী জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করছেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। আজ রোববার তাঁর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তাঁকে আর বিদেশে যেতে দেওয়া হলো না।ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কালাম হত্যার ঘটনায় মামলা ও একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান।