মেয়ের সামনে মাকে পিষে দিল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর থানায় দায়িত্বরত কর্মকর্তার কক্ষের চেয়ারে মুখ গুঁজে বসে আছে উদয়ন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নেহা। কারও সঙ্গে কোনো কথা বলছে না। তার চোখের সামনেই ঘাতক বাস মা মাসুদা বেগম চাঁদনীকে (৩০) পিষে মেরেছে। মায়ের বীভত্স মৃত্যু দেখে মুষড়ে পড়েছে নেহা। পুলিশ জানায়, বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আসাদগেটে নিহত হন নেহার মা চাঁদনী। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক চাঁদনীর বান্ধবীর স্বামী মোফাজ্জল হোসেনও আহত হয়েছেন। নেহাসহ তাঁরা তিনজন এক মোটরসাইকেলে পলাশী থেকে খিলক্ষেতে যাচ্ছিলেন।হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর পলাশী এলাকায় স্বামী শামসুজ্জামান খোকনসহ থাকতেন চাঁদনী। আজ বিকেলে বান্ধবীর স্বামী মোফাজ্জলের সঙ্গে তাঁদের বাসা খিলক্ষেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আসাদগেটে আসার পর পেছন থেকে দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন। এ সময় চাঁদনী বাসের চাকার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে বাসটিকে আটক করার চেষ্টা চলছে।