মেয়ের স্মৃতি মানেই পলিব্যাগে মোড়ানো লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব কষ্ট করে বড় হয়েছেন ফারুক গাজী। তিলে তিলে জয় করেছেন ক্ষুধাকে। নিজের দোকান হয়েছে, সংসার হয়েছে। ঘর আলো করে এসেছে জেনিফা ইসলাম তানহা। মেয়ের বেড়ে ওঠার কথা ভেবেই বাসা নেন ছয়তলার ছাদে। সারা দিন ছোটাছুটি করে সেই ছাদ মাতিয়ে রাখত সাড়ে তিন বছরের শিশুটি। কিন্তু মেয়ের হেসে-খেলে বেড়ানো এখন আর চোখে ভাসে না ফারুকের। তাঁর কাছে মেয়ের স্মৃতি মানেই পলিব্যাগের ভেতরে অদেখা বিকৃত লাশের উত্কট গন্ধ।রাজধানীর খিলগাঁও থানার সিপাইবাগের একটি বাড়ির চারতলার সানশেড থেকে গত বুধবার দুপুরে সাড়ে তিন বছরের তানহার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে তানহার মা (ফারুকের স্ত্রী) হালিমা ইয়াসমিনকে। পুলিশ এখন খুঁজছে হালিমার বন্ধু রেজাউল করিম রাজীবকে। গত ২৭ জুলাই রাজীবের হাত ধরে ফারুকের ঘর ছাড়েন হালিমা। তাঁরা বাসা নেন সিপাইবাগের ওই বাড়িটিতে। হালিমা পুলিশকে জানান, রাজীবের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তবে বিয়ের কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। পুলিশের ধারণা, রাজীবই শিশুটিকে খুন করেছেন। হত্যাকাণ্ড ও জানালার গ্রিল গলিয়ে লাশ ফেলে দেওয়ার বিষয়টি জানতেন হালিমা। তবে খুন ও লাশ ফেলে দেওয়ার সঙ্গে তিনি যুক্ত কি না, পুলিশ তা এখনো নিশ্চিত করতে পারেনি। খিলগাঁও থানার অপারেশন কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে জানান, শিশুটিকে কবে হত্যা করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে তাঁরা যেদিন (২৭ জুলাই) ওই বাসায় ওঠেন, সেদিনও শিশুটিকে খুন করা হতে পারে। তাঁদের ঘরের ভেতর একটি তোশক রয়েছে, যেটি ভেজা ও উত্কট গন্ধযুক্ত। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর প্রথমে ওই তোশক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল।পুলিশ কর্মকর্তা জানান, রাজীবের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তাঁকে ধরতে পারলেই পুরো ঘটনা জানা যাবে। গতকাল মহানগর হাকিমের আদালতে হালিমাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডে চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।পলিব্যাগে ফারুকের মেয়ে: গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে তানহার লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়। লাশটি দুটি পলিথিন ব্যাগের ভেতর ঢুকিয়ে শক্ত করে গিঁট দেওয়া ছিল। ব্যাগ খুললেই ছড়িয়ে পড়বে দুর্গন্ধ আর নিষ্পাপ শিশুর বিকৃত এক মুখ। তাই স্বজনেরা খুলতে দেননি পলিথিনের গিঁট। শেষবারের মতো মেয়ের মুখ দেখা হলো না ফারুকের। মিরপুর ১০ নম্বর গোরস্থানে চিরতরে রেখে এসেছেন পলিথিনে মোড়ানো মেয়েকে।গতকাল ফারুকের মিরপুর ১১ নম্বরের বাড়িটিতে গিয়ে দেখা গেছে চাপা কষ্ট আর ক্ষোভ। শুধু বিলাপ করছিলেন ফারুকের মা নূরজাহান।ফারুক জানান, কেউ বুঝতে পারেনি রাজীবের সঙ্গে হালিমার সম্পর্কের বিষয়টি। এমনকি ঘর ছেড়ে যাওয়ার সময়ও চাবিটা রেখে গিয়েছেন ঠিক জায়গাতেই। রেঁধে গিয়েছিলেন ফারুকের দুপুরের খাবার—ভাত আর মুরগির মাংস।ফারুক বলেন, ‘জীবনের সর্বস্ব দিয়ে হলেও ওদের বিচার চাই আমি।’ভাগনিকে মাটি দিয়ে বোনের ফেলে যাওয়া সংসারে এসেছিলেন হালিমার ভাই মাসুদ খান। তিনি জানান, সুখী দম্পতি হিসেবেই ফারুক-হালিমাকে জানতেন সবাই। তাঁর ছোট ভাই জুয়েল থাকেন হালিমা-ফারুকের বাসাতেই। তিনিও মাঝে মাঝে আসতেন। কিন্তু সম্পর্কের কথা কেউ বিন্দুমাত্রও টের পায়নি।মাসুদ খান বলেন, ‘হালিমা যে কাজ করছে, এখন সারা জীবন পচুক জেলে। আমরা কেউ ওকে দেখতেও যাব না।’ফারুকের একজন প্রতিবেশী বলেন, ‘খুব কষ্ট করে দোকানে কাজ করে বড় হয়েছেন ফারুক। এখন মিরপুর বাজারে নিজে দোকান দিয়েছেন। কিন্তু সুখ সইল না ওর কপালে।’