মেয়েরা জিনস, টি-শার্ট পরতে পারবেন না!
হাল আমলে ফ্যাশন সচেতন নারীরা পোশাক পরার ব্যাপারে স্বাধীনতাই ভোগ করেন। নারীদের পোশাক নিয়ে অনেক সময় অনেকে আপত্তি তোলেন আবার অনেকে এটাকে মেয়েদের মর্জির ওপরই ছেড়ে দেন।তবে ভারতের হরিয়ানা রাজ্যে নারী ও শিশু বিভাগের (ডব্লিউসিডি) অধীনে যাঁরা অফিসে কাজ করেন, তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই বিভাগের আওতায় রাজ্যের সব জেলার নারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। গত ১৮ এপ্রিল এই বিজ্ঞপ্তি জারির পর ডব্লিউসিডির সব পরিচালকের কার্যালয়ে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।ওই বিজ্ঞপ্তিতে জিনস এবং টি-শার্টকে নারীদের জন্য ‘অশালীন বা অশোভন’ পোশাক হিসেবে বর্ণনা করে তাঁদের অফিসে শালীন পোশাক পরে আসতে বলা হয়েছে। আর শালীন পোশাকের তালিকায় রাখা হয়েছে নারীদের জন্য শাড়ি ও সালোয়ার-কামিজ এবং পুরুষের জন্য প্যান্ট-শার্টকে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কর্মকর্তা-কর্মচারীরা জিনস, টি-শার্ট ও পশ্চিমা পোশাক পরে অফিসে আসছেন। যা অনেক সময় দেখতে খারাপ লাগে এবং সরকারি আইনেরও লঙ্ঘন হয়।’রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী গীতা ভোক্কাল এই নিষেধাজ্ঞার সমর্থনে বলেন, ‘এই নিষেধাজ্ঞা শুধু অশোভন পোশাকের ক্ষেত্রে। তবে অন্যান্য পেশায় যেমন: বিচারক, আইনজীবী, চিকিত্সকদের পোশাক পরিধানের নীতিমালা আছে।’ তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে পোশাক পরিধানের নীতিমালা আছে। যদি এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তা পুনর্বিবেচনা করা যেতে পারে।’তবে গীতা ভোক্কাল বলেছেন, ‘জিনস পরা অশোভন নয়। তবে আদেশে পোশাকের ক্ষেত্রে যে শব্দের ব্যবহার হয়েছে, তা সঠিক হয়নি বলে আমি মনে করি।’হরিয়ানা রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী, ডব্লিউসিডি বিভাগের সচিব এবং পরিচালকেরা সবাই নারী।রাজ্যের আম্বালা জেলায় কাজ করেন এমন এক নারী বলেন, ‘আমরা এই অদ্ভুত আদেশের অর্থ বুঝিনি। অধিকাংশ নারী ভারতীয় পোশাক পরেই অফিসে যান। আমরা যেহেতু চুক্তিভিত্তিক চাকরি করি, তাই এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারব কি না জানি না।’