মৈত্রীর প্রতীক রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এ বছর। সে কারণে এবার বাংলা সাহিত্য, সংগীত, চিত্রকলাসহ এককথায় বাঙালির সংস্কৃতির প্রধান পুরুষ কবিগুরুর জন্মজয়ন্তী উদ্যাপিত হচ্ছে সাড়ম্বরে। গতকাল শুক্রবার প্রথমবারের মতো সরকারি পর্যায়ে বাংলাদেশ ও ভারত দুই দেশের যৌথ আয়োজনে রবীন্দ্রজয়ন্তীর কর্মসূচি শুরু হলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে তিন দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি।কবির জীবন ও কর্মের ওপর আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি, স্মারক ডাকটিকিট অবমুক্ত করা ও রবীন্দ্র পদক প্রদানের মধ্য দিয়ে উপভোগ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এদিকে আজ শনিবার থেকে ভারতে তিন দিনব্যাপী সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বীর উত্তম ভারতের অনুষ্ঠানে যোগ দেবেন।সকালে কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির সৃষ্টিকর্ম নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনের স্মৃতিমেদুর আবেগময় বক্তৃতা করেন। তাতে তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে শোনা রবীন্দ্রকাব্যের আবৃত্তি, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কবির রচনা থেকে প্রেরণা লাভের বিষয়গুলো উঠে আসে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিগুরু রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে একটি সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, রবীন্দ্রনাথের স্বপ্নের স্বদেশ ছিল ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত। যেখানে কৃষক, খেটে খাওয়া শ্রমিক পাবেন মানুষ হিসেবে মাথা উঁচু করে চলার স্বাধীনতা। নারী পাবেন তাঁদের বেঁচে থাকার অধিকার। তিনি বলেন, ‘একই স্বপ্নের পথচলায় বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন। আমরা চাই একটি যথার্থ কল্যাণ রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার শত কোটি মানুষের প্রধান শত্রু দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব।’রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই রাষ্ট্রের মৈত্রী ও সেতু হয়ে আছেন রবীন্দ্রনাথ। দুটি দেশের জাতীয় সংগীতও তাঁরই রচনা। তাঁর জন্ম কলকাতায়। কিন্তু জীবনের বেশির ভাগ সময় কেটেছে বাংলাদেশের পতিসর, শিলাইদহ আর শাহজাদপুরে। জমিদারি দেখাশোনার কাজে এলেও তিনি গরিব প্রজার কল্যাণে কাজ করেছেন। খুব কাছ থেকে দেখেছেন নদীমাতৃক গ্রামবাংলার প্রকৃতি আর আমাদের কৃষিনির্ভর গ্রামীণ সমাজকে। সৃষ্টি করেছেন অসামান্য সব গান, কবিতা, উপন্যাস ও ছোটগল্প। পতিসরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কৃষি সমবায়। প্রবর্তন করেছিলেন ক্ষুদ্রঋণ কর্মসূচি।’বক্তৃতায় প্রধানমন্ত্রী ঢাকা-কলকাতা চলাচলকারী ট্রেনটির নামকরণ করেন ‘সোনার তরী’। এ ছাড়া শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের প্রস্তাব দেন।ভারতের উপরাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, রবীন্দ্রনাথ বাংলাদেশের মাটিতেই শিক্ষা, গ্রামীণ পুনর্বাসন, উন্নয়ন এবং বিরাজমান সামাজিক বৈষম্য প্রতিবিধানে ইতিবাচক কর্মকাণ্ডে তাঁর উদ্ভাবনমূলক নিরীক্ষা শুরু করেছিলেন। তাঁর দর্শন এবং দৃষ্টিভঙ্গির বেশির ভাগই এখানে কাটানো সৃজনশীল বছরগুলো থেকে প্রসূত।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম।অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্র গবেষক আহমদ রফিক ও রবীন্দ্রসংগীতশিল্পী অজিত রায়কে বাংলা একাডেমী প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১১ প্রদান করা হয়। আহমদ রফিকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অজিত রায়ের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারী।এ উপলক্ষে ডাকবিভাগ চারটি ডাকটিকিট প্রকাশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী ভারতের উপরাষ্ট্রপতিকে রবীন্দ্রনাথের ব্যবহূত পদ্মা বোটের একটি প্রতীক উপহার দেন।উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্র বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার শিল্পীদের গাওয়া ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে সমবেত নৃত্য দিয়ে এই পর্ব শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান ও বিশ্বভারতীর উপ-উপাচার্য অধ্যাপক উদয়নারায়ণ সিংহ রবীন্দ্র বক্তৃতা করেন। আবৃত্তি করে শোনান আসাদুজ্জামান নূর ও সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ গানটি গেয়ে শোনান মিতা হক। তপন মাহমুদ পরিবেশন করেন ‘তোমার আপন হাতের দোলায়’ এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত শোনান ‘বাংলার মাটি বাংলার জল’। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীদের গাওয়া সমবেত সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।এর ধারাবাহিকতায় বিকেলে প্রথম দিনের বিস্তারিত কর্মসূচিতে ছিল শিল্পকলা একাডেমীতে রবীন্দ্রনাথের চিত্রকর্মের প্রতিলিপি ও তাঁর সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। খবর বাসস ও ইউএনবির।