মো ফারাহর ভাই
পাশের ছবিটি ভালো করে দেখুন তো, চিনতে পারেন কি না? ক্লু চান? সেটাও দেওয়া হলো। তাঁর মূল নামের সঙ্গে আরও একটা শব্দ জড়িয়ে আছে ফারাহ।এবার নামটা মো ফারাহ বলবেন নিশ্চয়।ভিন্ন কেউ কি হওয়ার উপায় আছে! সেই টাক মাথা। মাথার উপর হাত তুলে উদ্যাপনের সেই চিরচেনা ভঙ্গি।আরও একবার ভালো করে লক্ষ করুন ছবিটিকে। অলিম্পিকের ৫ ও ১০ হাজার মিটারে পদকজয়ী ইংল্যান্ডের মো ফারাহ কিন্তু ইনি নন! তা হলে কে? ইনি মো ফারাহরই যমজ ভাই হাসান ফারাহ।হাসানও অ্যাথলেট হতে পারতেন। মো ফারাহর মতো বড় অ্যাথলেট। তাঁর মতো হাসানও দৌড়াতেন। একই সঙ্গে খেলতেন। কখনো ফুটবল, কখনো দৌড়াদৌড়ি। হরিহর আত্মা বলতে যা বোঝায়, দুই ভাই ছিলেন ঠিক তাই। কিন্তু ভাগ্যই আলাদা করে দেয় দুই ভাইকে। গত আগস্টে লন্ডন অলিম্পিক মো ফারাহ যখন বিশ্বজয় করেছেন, হাজার হাজার মাইল দূরে সোমালিয়ায় নিজেদের বাড়িতে বসে টেলিভিশনে হাসান দেখেছেন ভাইয়ের কীর্তি।মোর জায়গায় থাকতে পারতেন হাসানই। বাবা মুকতার ফারাহর সিদ্ধান্তটা একটু এদিক-ওদিক হলেই হয়তো মোর পরিবর্তে হাসানই থাকতেন যুক্তরাজ্যে। আর মো পড়ে থাকতেন যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায়। তবে হাসানের মনে এ নিয়ে কোনো খেদ নেই। তাঁর যত ক্ষোভ সব যুদ্ধের ওপর। সর্বনাশা গৃহযুদ্ধ শুরু না হলে তো আর দুই ভাগ হয়ে যায় না তাঁদের পরিবারটা।বাবা মুকতারের ব্রিটেনে আগে থেকেই জানাশোনা। তরুণ বয়সেই লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। কাজ করতেন আইটি কনসালট্যান্ট হিসেবে। থিতুও হয়েছিলেন সেখানে। একবার ছুটিতে বেড়াতে এসে বিয়ে করেন সোমালিয়ায়। এর পরই দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত। ১৯৮৩ সালে মুকতার দম্পতির ঘর আলো করে আসে জমজ সন্তান। মো ও হাসানের জন্মের আগেই অবশ্য ওই পরিবারে ছিল দুই ছেলে ও এক মেয়ে।১৯৯০ সালে স্বৈরশাসক সাইদ বারির পতনের পর সোমালিয়ার পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নিলে লন্ডনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুকতার। ওই সময় সোমালিয়ায় শহর ছেড়ে হাজার হাজার মানুষ পাড়ি জমায় গ্রামে। বেশির ভাগেরই আশ্রয় উদ্বাস্তু শিবিরের তাঁবু। তবে মুকতারের পরিবারকে তাঁবুতে থাকতে হয়নি। যমজ দুই ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রতিবেশী দেশ জিবুতিতে নানির কাছে। সেখানে রাস্তাঘাটে সারাক্ষণই খেলে বেড়াতেন যমজেরা। ফুটবল, দৌড়াদৌড়ি—সব খেলাতেই অন্য ছেলেরা পেরে উঠত না যমজ দুই ভাইয়ের সঙ্গে।জমজ হওয়ায় দুজনের চেহারা ছিল প্রায় একই রকম। একজনের পোশাক আরেকজন পরলে বিভ্রান্তিতে পড়ে যেতেন পরিচিতজনেরাও। কখনো কখনো এমনও হয়েছে, দুষ্টুমি করেছেন হাসান, কিন্তু শাস্তি পেয়েছেন মো ফারাহ। এমনই যখন কাটছিল তাঁদের মধুর শৈশব, তখনই ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় হয় বাবা মুকতারের। তবে পুরো পরিবার নয়, মাত্র তিনজনকে ইংল্যান্ড নিতে পারবেন বাবা। ঠিক হলো, বড় দুই ছেলের সঙ্গে যাবে মো ফারাহ। যেই সিদ্ধান্ত সেই কাজ। মো ফারাহর সঙ্গে ছাড়াছাড়ি হওয়াটা হাসানের জন্য ছিল কষ্টের। দুজনের একই থালায় খাবার খাওয়া, একই বিছানায় ঘুমানো। একই সঙ্গে খেলাধুলা, পড়াশোনা। মো ফারাহর ইংল্যান্ডে পাড়ি জমানোটা বড় একটা শূন্যতার সৃষ্টি করে হাসানের মধ্যে। কত বড়, তা হাসানের মুখেই শুনুন, ‘মোকে যখন পাঠিয়ে দেওয়া হলো, আমার হূদয়ের কিছু অংশ খালি হয়ে গেল। ওই জায়গাটা এখনো খালিই পড়ে আছে।’হাসানের বসবাস এখন সোমালিয়ার হারগেসিয়াতে। পাঁচ সন্তানের জনক হাসান টেলিযোগাযোগ প্রকৌশলী। ভালো চাকরি করেন। তবে সবকিছু ছাপিয়ে তাঁর বড় পরিচয় তিনি মো ফারাহর ভাই।বিদেশি পত্রিকা অবলম্বনে মোহাম্মদ সোলায়মান