মোকাবিলা করতে হবে শক্ত হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। পরিস্থিতি যেভাবে সংঘাতের দিকে যাচ্ছে, তা কারোরই কাম্য নয়। যেকোনো ধরনের সংঘাত সরকারকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। তবে লক্ষ রাখতে হবে, পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে কোনোভাবেই যেন মানুষের গণতান্ত্রিক, নাগরিক ও মানবাধিকার এবং আইনের শাসন ক্ষুণ্ন না হয়। এগুলোকে অক্ষুণ্ন রেখেই সরকারকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ ধরনের ক্ষেত্রে বিদেশে যেটা দেখা যায়, সরকারপক্ষ বিরোধী দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ, তাতে জনসমর্থন পাওয়া যায়। এখানেও পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে সরকারি দলকে বিরোধী দল ও নাগরিক সমাজসহ অন্যদের সঙ্গে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। তাতে সরকারপক্ষ পরিস্থিতি অনুকূলে রাখতে পারবে। নাশকতামূলক কর্মকাণ্ডও প্রতিরোধ করা সম্ভব হবে। শাহবাগের তরুণ প্রজন্ম মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করে যে গণজাগরণের সৃষ্টি করেছে, তা মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ। এ ধরনের চেতনার প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। তবে শুধু আবেগ দিয়ে চেতনার বাস্তবায়ন হয় না। এ জন্য দরকার আবেগ ও বাস্তবতার সংমিশ্রণ। রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার বা জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাতে হবে। আকবর আলি খান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা