মোগলদুর্গে বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যার পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ এখন আর কামান-গুলির শব্দে প্রকম্পিত হয় না। সোনাকান্দা এখন সরগরম মাইকের শব্দে। লাকি কুপনের টিকিট বিক্রি আর পুতুলনাচের জন্য এই প্রচারণা। পয়লা বৈশাখ থেকে দুর্গের মাঠে ১০ দিনের বৈশাখী মেলা চলছে। স্থানীয় বনানী চারুকারু শিল্পীগোষ্ঠী ১৯৯৮ সাল থেকে এই দুর্গের মাঠে মেলা বসিয়ে আসছে। তাদের দাবি, জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই চলছে এ মেলা। তবে জেলা প্রশাসক বলছেন, তিনি এমন অনুমতি দেননি। দুর্গের ইতিহাস: রাজধানী ঢাকার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ নদীপথগুলোর নিরাপত্তায় মোগল শাসকেরা যত জলদুর্গ নির্মাণ করেছিলেন, সোনাকান্দা তার অন্যতম। বাংলাপিডিয়ায় বলা হয়েছে, এই দুর্গ নির্মাণের তারিখ লেখা শিলালিপি নেই। তবে মনে করা হয়, বাংলায় মোগল সুবেদার মীর জুমলার সময় এটি নির্মিত হয়। ঢাকা ও পাশের এলাকায় মোগলদের অন্য জলদুর্গগুলোর নির্মাণরীতির সঙ্গে মিল থাকায় এটিকে সপ্তদশ শতকের বলে মনে করা হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের ওয়েবসাইটে দুর্গটি সম্পর্কে বলা হয়েছে, ‘বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ দুর্গটি ব্যবহার করতেন।’ এ দুর্গের সঙ্গে সুড়ঙ্গপথে ঢাকার লালবাগ ও সোনারগাঁয়ের সংযোগ ছিল—এমন জনশ্রুতি আছে।বর্তমান অবস্থা: দুর্গ বলতে যা বোঝায়, তেমন বেশি কিছু সোনাকান্দায় নেই। আছে শুধু চারপাশের প্রাচীর, পশ্চিমাংশে বৃত্তাকার কামান স্থাপনা মঞ্চ ও উত্তর দিকে প্রধান ফটক। শত্রুর ওপর গোলা-গুলি ছোড়ার জন্য প্রাচীরে আছে ছোট-বড় অনেক ফোকর। গত মঙ্গলবার দুপুরে সোনাকান্দা দুর্গে গিয়ে দেখা গেল, উত্তর দিকের ফটকে লাকি কুপনের টিকিট বিক্রি হচ্ছে। লটারির ফল জানতে রাত ১০টার পর মাঠে বহু লোকের সমাগম হয় বলে আয়োজকেরা জানান। প্রথম দিন মেলায় ৬০ থেকে ৭০টি স্টল ছিল। এখন ৪০টির মতো আছে। স্টলগুলোর বেশির ভাগই দুর্গপ্রাচীর ঘেঁষে। মেলার প্রবেশপথের ডান পাশে মিষ্টি ও খাবারের দুটি দোকান। প্রাচীর ঘেঁষে চুলা বানিয়ে রান্নাবান্না চলছিল। কালিঝুলিতে দেয়াল নোংরা হয়ে পড়েছে। দুর্গের পশ্চিম-উত্তর কোণের পার্শ্ববুরুজে মেলার আবর্জনা জড়ো করে রাখা। পশ্চিম ও দক্ষিণ পাশের প্রাচীরের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, ‘দুর্গের মাঠে মেলা হলে বেশি সমস্যা নেই। তবে ভেতরে মেলার অনুমতি না দেওয়াই ভালো। দুর্গপ্রাচীর ও ভেতরের পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।’ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের প্রাচীন দুর্গে একসঙ্গে অনেক মানুষ এলে দুর্গের অবকাঠামো ও পরিবেশের ক্ষতি হতে পারে। তাই ভেতরে মেলা বসাতে হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে।’ সোনাকান্দা মেলা আয়োজক কমিটির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে পয়লা বৈশাখ থেকে মেলার আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, ‘এখানে খালি জায়গা কম। দুর্গের দেয়ালের ভেতরে নিরাপত্তা আছে। তাই সেখানে ১৩ বছর ধরে মেলা হচ্ছে।’নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সোনাকান্দা দুর্গের ভেতরে মেলা করতে তারা অনুমতি চেয়েছিল। কিন্তু মেলা নিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদন না আসায় আমরা কোনো অনুমতি দিইনি।’ তিনি জানান, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মেলা বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।