মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত ৭০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আজ মঙ্গলবার ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। সরকারি ভবনের কাছে ট্রাকে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে। জঙ্গি গোষ্ঠী আল-সাবাব হামলা চালানোর কথা বিবিসিকে জানিয়েছে।প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, রাজধানীর কিলোমিটার ফোর এলাকায় একটি সরকারি ভবনের বাইরে ওই হামলা চালানো হয়। এতে ৭০ জন নিহত হয়।আলী হোসেন নামে পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানান, ট্রাকটি সরকারি ওই ভবনে প্রবেশের টহলচৌকি অতিক্রম করে বিস্ফোরিত হয়।বিবিসির স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ ধর জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই সেখানে থাকা যানবাহনগুলোতে আগুন ধরে যায়। মানুষের মৃতদেহগুলো তখন রাস্তায় পড়ে ছিল। আতঙ্কিত সেনাসদস্যরা আতঙ্কে ফাঁকা গুলি ছুড়ছিলেন। মোহাম্মদ ধর আরও বলেন, এটি তাঁর দেখা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা।হামলার পর উদ্ধারকাজে নিয়োজিত একজন কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তিদের শরীরের ক্ষতবিক্ষত অংশগুলো অন্তত ১০০ মিটার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।নিহতদের মধ্যে সেনাসদস্য ছাড়াও বেশ কিছু শিক্ষার্থী ছিল। তারা শিক্ষাবৃত্তির একটি পরীক্ষায় অংশ নিতে সেখানে অপেক্ষমাণ ছিল।মোগাদিসুতে অ্যাম্বুলেন্স সেবাদাতা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আলী রুশো বলেন, হামলায় ৭০ জন নিহত এবং কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন।সোমালিয়াতে নিয়োজিত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা এ হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।