সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭৩ জনে।এদিকে জেলা প্রশাসনের গঠিত কমিটির তদন্তকাজ চালানোর সময়সীমা গতকাল শেষ হয়েছে। কমিটি সময় বাড়ানোর আবেদন করেছে। গতকালও চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ ছাড়া পোড়ানো ট্রেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা গতকাল বুধবার ঢাকার বিস্ফোরক অধিদপ্তরে পাঠানো হয়েছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গতকাল ভোর পর্যন্ত জেলার সদর, বেলকুচি ও কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার কর্মীরা হলেন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার দত্তবাড়ী এলাকার বিএনপির কর্মী স্বপন আলী ও শহিদুল মিয়া, বেলকুচি উপজেলার চালা অফিসপাড়া এলাকার ছাত্রদলের কর্মী সেলিম রেজা ও কাজীপুর পৌরশহরের আলমপুর এলাকার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম। সেলিমকে র্যাবের করা মামলায় এবং স্বপন, শহিদুল ও ফরিদুলকে পুলিশের করা মামলায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী জানান, তদন্ত শেষ না হওয়ায় সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হয়েছে। গতকাল চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়।তদন্ত দলের চাহিদা অনুযায়ী পুড়ে যাওয়া ট্রেনের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় বিস্ফোরক অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পোড়া ট্রেনটি বর্তমানে সৈয়দপুরে আছে। নমুনা পাঠানোর কথা নিশ্চিত করে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আনহার মাহমুদ জানান, তদন্ত কমিটির চিঠি অনুযায়ী ট্রেন পোড়ানোর কাজে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পুড়ে যাওয়া অংশ থেকে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।জানা গেছে, রেলওয়ের তদন্ত দলও সময় বাড়ানোর আবেদন করেছে। গতকাল ওই তদন্ত দলেরও তদন্তকাজের সময়সীমা শেষ হয়।১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মুলীবাড়ী রেলগেটসংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্রগণজমায়েত চলার সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় ট্রেনের ১১টি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ট্রেনে আগুন দেওয়া ও হামলার ঘটনায় এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পাঁচটি ও জিআরপি থানায় তিনটিসহ মোট আটটি মামলা হয়েছে।