মোট সাত মামলা, বিএনপি-ছাত্রদল নেতারা আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সয়দাবাদে দুর্ঘটনার পর ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। এই মামলায় বিএনপি ও ছাত্রদলের নেতাসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে। সিরাজগঞ্জ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম হায়দার বাদী হয়ে গতকাল বুধবার রাত সোয়া আটটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলাটি করেন। এটিসহ ঘটনায় করা মামলার সংখ্যা দাঁড়াল সাতে।এ ঘটনায় গতকাল আরও ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৪৫ জনকে গ্রেপ্তার করা হলো। জেলা যুবলীগের সভাপতি এপিপি গোলাম হায়দারের করা মামলার আসামিরা হলেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ, আমানউল্লাহ আমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান। মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্ররোচনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যোগসাজশ করে ট্রেন দুর্ঘটনা ও অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোশাররফ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিরা জেলহাজতে: পুলিশ জানায়, পাবনা সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া ২৫ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে জানা গেছে। এদিকে সহকারী ট্রেনচালক রাজ গোবিন্দ দাসের জবানবন্দি রেকর্ড করেছে জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত দল। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত মনসুরনগর স্টেশনের মাস্টার, কর্তব্যরত পুলিশ ও রেল কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা। তদন্তের স্বার্থে তদন্ত দলের সদস্যরা কোনো তথ্য দিতে রাজি হননি। তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী বলেন, ‘তদন্ত চলছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাস্থলসহ কিছু কিছু এলাকা পরিদর্শন অব্যাহত রয়েছে। তদন্ত প্রতিবেদনে এসব বিষয়ে জানানো হবে।’শোকযাত্রা হয়নি: সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ দায়িত্ব পালন করছে। পুলিশের উপস্থিতি দেখেই ছাত্রদল কোনো শোকযাত্রা বা সমাবেশ করেনি। ট্রেনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।শোকযাত্রা বের না হওয়া প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান জানান, দলীয় কার্যালয়ে ছাত্রদলের সদস্যরা সমবেত না হওয়ায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সমাবেশ হওয়ার কথা রয়েছে।১১ অক্টোবর জেলা ছাত্রদল আয়োজিত একটি সমাবেশ চলার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদ রেলক্রসিংয়ে ওই ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত লোকজন ট্রেনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই রাতেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় তিনটি ও জিআরপি থানায় তিনটি মামলা হয়।সাবেক প্রধানমন্ত্রী দায়ী: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘দুবার তিনি (খালেদা জিয়া) প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর জানার কথা যে বিপজ্জনক এলাকায় সমাবেশ করা যায় না। সেই এলাকায় সমাবেশ করে তিনি আইন ভঙ্গ করেছেন এবং পাঁচজনের হত্যার জন্য তিনিই দায়ী। গতকাল ওয়ারী শ্রীশ্রীরাম সীতা মন্দিরে ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ: জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। আমি বিশ্বাস করি, বিষয়টা সরকার খতিয়ে দেখছে এবং তাঁর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। মামলা হবে বলে আমি বিশ্বাস করি।’অনুষ্ঠানে বক্তব্য দেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও পীযূষ বন্দ্যোপাধ্যায়, মন্দির কমিটির সভাপতি গণেষ চন্দ্র ঘোষ প্রমুখ।