মোটরযান বিধি সংশোধন, হয়রানি কমানোর উদ্যোগ
মোটরযানের ফিটনেস সনদ মিলবে মেরামত কারখানায়
মোটরযান মেরামতে নিয়োজিত ওয়ার্কশপগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে মোটরযান বিধি-১৯৮৪-এর একটি ধারা পরিবর্তন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যানবাহনের ফিটনেস সনদ মোটরযান মেরামত কারখানাগুলোর মাধ্যমে করার লক্ষ্যে এই বিধি সংশোধন করা হয়েছে। বর্তমানে মোটরযানের ফিটনেস সনদ বিআরটিএর কার্যালয় থেকে দেওয়া হয়। এতে গ্রাহকদের হয়রানি, দালালদের দৌরাত্ম্য ও ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিটনেস সনদ বাইরে থেকে (আউট সোর্সিং) দেওয়ার সিদ্ধান্ত হয়। এই আইন কার্যকর করা হলে মোটরযান মেরামতের ফিও নির্ধারণ করে দেবে বিআরটিএ। আর শিগগিরই এটি কার্যকর করা হবে বলে বিআরটিএ জানিয়েছে। গত বছর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের এক সভায় ফিটনেস সনদ বাইরে মেরামত কারখানা থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের সভাপতি যোগাযোগমন্ত্রী এবং সদস্য হিসেবে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও বিআরটিএ কর্মকর্তা। পরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত বছর অক্টোবর মাসে যোগাযোগ মন্ত্রণালয় বিআরটিএকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেয়। চিঠিতে ফিটনেস সনদ দেওয়ার কাজে যোগ্য প্রতিষ্ঠান নিয়োগে তিন মাসের মধ্যে দরপত্র আহ্বানেরও নির্দেশ দেওয়া হয়। মোটরযান আইনে মোটরযান মেরামত কারখানার নিবন্ধন থাকা এবং এসব কারখানা থেকে ফিটনেস সনদ দেওয়া যাবে, সে সুযোগও রাখা আছে। কিন্তু এই কাজগুলো কীভাবে হবে তার বিস্তারিত ব্যাখ্যা নেই। তাই মোটরযান বিধি সংশোধন ও মেরামত কারখানাগুলো নিবন্ধনের আওতায় আনার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হলো। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, মোটরযান বিধি সংশোধন করে তা বিজি প্রেসে পাঠানো হয়েছে। এরপরই মোটরযান মেরামত কারখানার নিবন্ধন শুরু হবে। পর্যায়ক্রমে ফিটনেস সনদ দেওয়ার জন্য দরপত্রের মাধ্যমে বেসরকারি মোটরযান মেরামত কারখানা নিয়োগ করা হবে। বিআরটিএতে লোকবল না থাকার কারণে এবং হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি জানান, বাইরে থেকে ফিটনেস দেওয়ার কার্যক্রম চালু অবস্থায় কেউ চাইলে বিআরটিএ কার্যালয়ে এসেও ফিটনেস সনদ নিতে পারবে।বাংলাদেশ অটোমোবাইলস ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, সারা দেশে সমিতির সদস্যভুক্ত মোটরযান মেরামত কারখানা আছে ৮০০টি। সামান্য কারিগরি জ্ঞান নিয়ে মোটরগাড়ি মেরামতের আরও অসংখ্য কারখানা আছে। তবে যানবাহনের ফিটনেস দেওয়ার মতো কারখানা ১০০-এর বেশি হবে না।বিআরটিএ ইতিমধ্যে কোন কোন প্রতিষ্ঠান ফিটনেস সনদ দিতে পারবে তার একটা নির্দেশিকা তৈরি করেছে। এতে বলা হয়েছে, নিবন্ধিত কারখানাগুলোর মধ্যে ফিটনেস দেওয়ার কাজে এমন প্রতিষ্ঠানকে বেছে নিতে হবে, যেখানে অন্তত একজন যন্ত্র প্রকৌশলী আছেন। কারখানায় ফিটনেস নিতে আসা যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা থাকতে হবে। এ ছাড়া যন্ত্রের মাধ্যমে ফিটনেস কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও থাকতে হবে। বর্তমানে বিআরটিএতে খালি চোখে যানবাহন পরীক্ষা করে ফিটনেস সনদ দেওয়া হয়। সূত্র জানায়, সড়ক নিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠকে সদস্যরা অভিযোগ করেন, বিআরটিএ কার্যালয়গুলোতে যানবাহনের ফিটনেস নিতে এসে গ্রাহকদের হয়রানির শিকার হতে হয়। দালালদের কারণে সরকারি ফির বাইরে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় সনদ নিতে। এর অংশ বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারাও পান বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বিআরটিএর মিরপুর ও কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বেশি। এই দুটি কার্যালয়ে ২০০-এর বেশি দালাল সক্রিয় বলে সূত্র জানায়। এসব দালালের (গেটিস হিসেবে পরিচিত) একটা অংশ বিনা বেতনে কাজ করে। সরকারি এই দপ্তরের নিয়োগপ্রাপ্ত না হয়েও তাঁরা গুরুত্বপূর্ণ নথিপত্র দেখভাল করেন। এ ছাড়া বাড়তি টাকার বিনিময়ে বিআরটিএর কার্যালয়গুলো থেকে গাড়ি না দেখেও ফিটনেস সনদ দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া বিআরটিএ কার্যালয় থেকে খালি চোখে পরীক্ষা করে ফিটনেস সনদ দেওয়ার কারণে যানবাহনে অনেক ত্রুটি থেকে যায়। ফলে ফিটনেস সনদ নিয়ে চলা যানবাহনও অনেক সময় রাস্তায় বিকল হয়ে যায়। অনেক ক্ষেত্রে জ্বালানি বেশি খরচ হয় এবং পরিবেশ দূষিত হয়। বিআরটিএ ফিটনেস পরীক্ষার জন্য ১৯৯৯ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে পাঁচটি যন্ত্র স্থাপন করলেও কয়েক দিন সেগুলো বন্ধ হয়ে যায়। এখন আবার এগুলো চালু করার জন্য তিন কোটি টাকার প্রকল্প নিয়েছে বিআরটিএ। পাশাপাশি বেসরকারি কারখানাগুলোতেও যন্ত্রের মাধ্যমে ফিটনেস দেওয়া হবে।ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিজ্ঞতা আছে—এমন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঢাকায় অনেক ভাঙাচোরা, গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন আছে এবং রংচটা বাস ও হিউম্যান হলার চলে। দেখেই বোঝা যায় এগুলোর ফিটনেস নেই। কিন্তু বিআরটিএ থেকে হালনাগাদ ফিটনেস সনদ সংগ্রহ করে তা দিয়ে এসব ভাঙাচোরা গাড়ি চলছে। ধারণা করা হচ্ছে, গাড়ি না দেখে সনদ দেওয়া হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থাও নিতে পারছেন না। অবশ্য বিআরটিএ কর্মকর্তারা দাবি করছেন, দিন দিন যানবাহনের পরিমাণ যে হারে বাড়ছে, সে তুলনায় সংস্থায় লোকবল নেই। এতে গ্রাহক ভোগান্তি বেশি। দৈনন্দিন কাজ চালানো হয় ‘গেটিস’ দিয়ে। তাঁদের বেতন নেই, গ্রাহকদের কাছ থেকেই কিছু বকশিশ নিয়ে চলে। লোকবলের অভাব না হলে এত সমস্যা হতো না। বিআরটিএর হিসাব অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত সারা দেশে ১৫ লাখ চার হাজার ৮৯৭টি যানবাহন নিবন্ধন করা নিয়েছে। এর মধ্যে শুধু ২০১০ সালে নিবন্ধন করা হয়েছে এক লাখ ৬১ হাজার যানবাহন। গত বছর ডিসেম্বর পর্যন্ত ঢাকার মিরপুর ও ইকুরিয়া কার্যালয়ে নিবন্ধিন যানবাহন আছে ছয় লাখের ওপরে। শুধু গত বছর নিবন্ধন নিয়েছে ৪৮ হাজার। বিআরটিএ সূত্র জানায়, ঢাকা ও মিরপুর কার্যালয় থেকে নিবন্ধন নেওয়া ছয় লাখ যানবাহনের মধ্যে অন্তত ৬০ হাজার ফিটনেস সনদ ছাড়া চলছে। সারা দেশে একই চিত্র। ফিটনেস নিতে গিয়ে হয়রানি, দালালদের দৌরাত্ম্যের কারণে অনেক যানবাহন মালিক ফিটনেস সনদ নিতে বিআরটিএতে যেতে চান না। বিআরটিএ প্রতিষ্ঠা হয় ১৯৮৮ সালে। প্রথম দিকে এর কার্যক্রম পুলিশ প্রশাসনের অধীনে ছিল। বর্তমানে এটি যোগাযোগ মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। সারা দেশে এর সার্কেল আছে ৬২টি। এর মধ্যে ৫৭টি জেলা পর্যায়ে এবং পাঁচটি মহানগর এলাকায়। জনবল কাঠামোতে বিআরটিএর লোকবল থাকার কথা ৫৭৩ জন। কিন্তু বর্তমানে কাজ করছেন মাত্র ২৮২ জন।