মোটরযানের বিশেষ নম্বরপ্লেট সংযোজন ব্যয় কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন মালিকদের হুমকিতে নতুন প্রযুক্তির নম্বরপ্লেট, নিরাপত্তা ট্যাগ ও আধুনিক নিবন্ধন সনদ সংযোজনের খরচ কমাতে যাচ্ছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাবে।প্রস্তাবটি অনুমোদিত হলে নতুন প্রযুক্তির নম্বরপ্লেট, ট্যাগ ও সনদ পেতে শ্রেণীভেদে মোটরগাড়ির মালিককে এক হাজার ৮০৫ থেকে তিন হাজার ৬৫২ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে। বিআরটিএ সূত্র জানিয়েছে, ১৭ অক্টোবর বিআরটিএর প্রধান কার্যালয়ে এক বৈঠকে পরিবহন মালিকেরা এ ব্যয় কমানোর দাবি জানান। অন্যথায় নতুন প্রযুক্তি বর্জনের হুমকিও দেওয়া হয়। এরপরই বিআরটিএ ব্যয় কমানোর প্রস্তাব তৈরি করে। ১১ অক্টোবর থেকেই নম্বরপ্লেট, ট্যাগ ও সনদ সংযোজনের টাকা জমা নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে এ কাজে বিআরটিএ শ্রেণীভেদে গ্রাহকদের কাছ থেকে ভ্যাটসহ দুই হাজার ৫০০ থেকে পাঁচ হাজার ১৭৫ টাকা আদায় করছে। এ নতুন প্রযুক্তিকে বলা হচ্ছে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ এবং স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড বা ভেহিকল ওনারশিপ কার্ড। সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এসব সরবরাহের দায়িত্ব পেয়েছে। বিআরটিএ সূত্র জানিয়েছে, এ কাজে এখন যে টাকা নেওয়া হচ্ছে এর কিছু অংশ ভ্যাট ও কর হিসেবে সরকারের কোষাগারে জমা হচ্ছে। নতুন প্রস্তাবে সরকারের অংশটুকু বাদ দিয়ে শুধু বিএমটিএফের অংশটুকু রাখার কথা বলা হয়েছে। নতুন প্রস্তাবে বিআরটিএ ভাড়ায় চালিত ও ব্যক্তিগত ব্যবহারের যানবাহনের (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার, জিপ, ট্যাক্সি ইত্যাদি) এক জোড়া নম্বরপ্লেট, নিরাপত্তা ট্যাগ ও আধুনিক নিবন্ধন সনদ নিতে তিন হাজার ৬৫২ টাকা করার কথা বলেছে। মোটরসাইকেল ও অটোরিকশা, টেম্পোসহ অন্য ছোট যানবাহনের জন্য প্রস্তাব হচ্ছে এক হাজার ৮০৫ টাকা। ভাঙা নম্বরপ্লেটের স্থলে আরেকটি পেতে দিতে হবে এক হাজার ৮০০ টাকা। একাধিক বাণিজ্যিক পরিবহনের মালিক জানিয়েছেন, বিআরটিএ এ কার্যক্রম চালুর আগে মালিকদের মতামত নেয়নি। এ জন্য মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিএকে চিঠি দিয়ে এ কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেয়। এরপর ১৭ অক্টোবর মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিআরটিএ। বৈঠকে মালিক-শ্রমিকেরা ব্যয় না কমালে এ সুবিধা বর্জন করার হুমকি দেন। বৈঠকে বাণিজ্যিক যানে নম্বরপ্লেট সংযোজনে ব্যয় কমানোর প্রস্তাব করেছিলেন প্রতিনিধিরা। কিন্তু বিআরটিএ সূত্র জানিয়েছে, শুধু বাণিজ্যিক যানে ব্যয় কমালে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল মালিকেরা বঞ্চিত হবেন। তাই বিআরটিএ সবার জন্যই ব্যয় কমানোর প্রস্তাব করছে। বিআরটিএ এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ভাড়ায় চালিত এবং ব্যক্তিগত ব্যবহারের বাস, ট্রাক, মিনিবাস, ট্যাংক-লরিসহ ভারী যানবাহন এবং হালকা ও মধ্যম মানের মোটরযানের (কার, জিপ, ট্যাক্সি, পিকআপ ইত্যাদি) জন্য সব মিলিয়ে সাড়ে চার হাজার টাকা ব্যয় করতে হবে। এর সঙ্গে ভ্যাট যুক্ত হয়ে খরচ দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭৫ টাকা। মোটরসাইকেল এবং সব ধরনের তিন চাকার যানের (অটোরিকশা, টেম্পো, মিশুক ইত্যাদি) নম্বরপ্লেট ও ট্যাগের জন্য দুই হাজার ২০০ টাকা করে ধার্য করা হয়েছিল। ভ্যাটসহ এ শ্রেণীর যানবাহনের ব্যয় দাঁড়িয়েছিল আড়াই হাজার টাকার বেশি।১১ অক্টোবরের পর নতুন গাড়ির নিবন্ধন, মালিকানা বদলি কিংবা ফিটনেস সনদ নেওয়ার সময় প্রতিটি মোটরগাড়ির মালিকের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়েছে। তবে নতুন নম্বরপ্লেট সরবরাহ করা হয়নি। ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করার পর নতুন নম্বরপ্লেট দেওয়া হবে। বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, যাঁরা বাড়তি টাকা ইতিমধ্যে পরিশোধ করে ফেলেছেন, তাঁদের পরবর্তী ফিটনেস সনদ নেওয়া কিংবা মালিকানা বদলির সময় সমন্বয় করা হবে। জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, নতুন নম্বরপ্লেটের জন্য যে টাকা ধার্য করা হয়েছে, সেটা অযৌক্তিক। এ জন্যই তাঁরা কমানোর দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে কমানোর আশ্বাসও দেওয়া হয়েছে বলে তিনি জানান।