মোটরসাইকেল উদ্ধারের হিসাব আছে, চুরির নেই(ভিডিওসহ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের লাল রঙের পালসার মোটরসাইকেল পার্কিংয়ে রেখে হাসপাতালের ভেতরে ঢুকলেন বিপ্লব ঘোষ। তাঁকে অনুসরণ করছিলেন সাদা ও নীল শার্ট পরা দুই ব্যক্তি। একটু পর নীল শার্ট পরা লোকটি এসে পার্কিংয়ের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর হাতে টাকা গুঁজে দিলেন। নিরাপত্তাকর্মী পার্কিং ছেড়ে বাইরে চলে গেলেন। এরপর সাদা শার্ট পরা লোকটি পার্কিংয়ে থাকা বিপ্লবের মোটরসাইকেলটি চালিয়ে বেরিয়ে গেলেন।

গত ৯ নভেম্বর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পার্কিংয়ে ঘটে এই ঘটনা। চুরির পুরো দৃশ্য ধরা পড়ে হাসপাতালের তিনটি সিসি ক্যামেরায়। পুলিশ তা দেখে চোর সনাক্ত করেছে। কিন্তু ধরতে পারেনি।মোটরসাইকেল চুরি ও ছিনতাই এখন রাজধানীর আলোচিত অপরাধমূলক ঘটনা। প্রতিদিনই নানা সূত্রে মোটরসাইকেল চুরির খবর পাওয়া যায়। তবে ঢাকা শহরে দিনে কত মোটরসাইকেল চুরি হয়, তার তথ্য পুলিশের কাছে নেই। মহানগর পুলিশের মোটরসাইকেল চুরি প্রতিরোধ দলের প্রধান ও সহকারী কমিশনার রওনক জাহান প্রথম আলোকে বলেন, আলাদা করে শুধু মোটরসাইকেল চুরির তথ্য তাঁদের কাছে নেই। তবে উদ্ধারের তথ্য আছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঢাকা মহানগর পুলিশ ৪৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে বলে মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গাড়িচোর প্রতিরোধ দলের প্রধান ও সহকারী কমিশনার মোখলেছুর রহমান জানান, চোরচক্রের সদস্যরা (মাস্টার কি/এলেন কি) চাবি ব্যবহার করে যেকোনো স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যান। এরা চার-পাঁচজনের ছোট ছোট দলে কাজ করে। রাজধানীতে এমন ২২টি দলের তথ্য পুলিশের হাতে রয়েছে।কোন এলাকায় বেশি চুরি হয়: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গাড়িচোর প্রতিরোধ দলের প্রধান ও সহকারী কমিশনার মোখলেছুর রহমান জানান, রাজধানীতে দিনের বেলায় মোটরসাইকেল চুরি হয় মতিঝিল, গুলশান, চন্দ্রিমা উদ্যান এলাকায়। রাতে মোটরসাইকেল চুরির হয় খিলগাঁও, বাসাবো, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায়। চোরদলের মধ্যে ভোলার জামান, শরীয়তপুরের কাজল, সাইফুল, ঢাকার বাবু, সুমন, শাওন, রিপন, আসাদুল, আমীর একাধিকবার ধরা পড়েছেন। কিন্তু গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে আবার তাঁরা চুরিতে লেগে পড়েন। সিসি ক্যামেরায় চোর শনাক্ত, তবে ধরা পড়েনি: আদ্-দ্বীন হাসপাতালের পার্কিং থেকে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের সমন্বয়কারী বিপ্লব ঘোষ। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানার পুলিশ হাসপাতালের ভিডিওচিত্রটি জব্দ করেছে। পুলিশ হাসপাতালের নিরাপত্তাকর্মীকে আটক করেছে। তবে অন্যদের ধরা যায়নি। মোটরসাইকেলটিও উদ্ধার হয়নি।বিপ্লব ঘোষ প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চুরির পর তিনি দেখেন হাসপাতালের বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভিডিওচিত্র চান। প্রথমে তারা রাজি হয়নি, পরে সব ছবি তাঁর হাতে তুলে দেয়। সে ছবি দেখে তিনি চোর ও নিজের মোটরসাইকেল শনাক্ত করেন।বিপ্লব বলেন, চোরদলের সদস্য ছিল চারজন। এদের সঙ্গে হাসপাতালের পার্কিংয়ের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীও জড়িত। চোরেরা একটি সিএনজিচালিত অটো নিয়ে সেখানে অবস্থান করছিল। সন্তান জন্ম নেওয়ায় তিনি চার দিন ধরে ওই হাসপাতালে আসা-যাওয়া করছিলেন। তাঁর ধারণা, চোরেরা এখানে অনেক দিন থেকেই চুরি করছে এবং কয়েক দিন থেকে তাঁকে অনুসরণ করছিল। জানতে চাইলে আদ্-দ্বীন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তরিকুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে হাসপাতালের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, এ ঘটনার ১৫ দিন আগে পার্কিং থেকে আরেকটি মোটরসাইকেল চুরি হয়েছিল। তারও এক মাস আগে চুরি হয় আরেকটি মোটরসাইকেল। ভিডিওচিত্রে দেখা যায়, বিপ্লব মোটরসাইকেল রেখে হাসপাতালে যাওয়ার সময় চোরদের একজন তাঁর পিছু পিছু হাসপাতালের ফটক পর্যন্ত যান। নীল শার্ট পরা আরেকজন পার্কিংয়ের নিরাপত্তাকর্মীর হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাঁকে বাইরে পাঠিয়ে দেন। সাদা শার্ট পরা একজন পার্কিং ও হাসপাতালের মাঝখানে হাঁটাহাঁটি করছিলেন এবং একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ে চলে যান। বিপ্লব জানান, ভিডিওচিত্র অনুযায়ী ওই দিন সকাল ১০টা ২২ মিনিটে তিনি মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন। এর সাত মিনিট পর ১০টা ২৯ মিনিটে মোটরসাইকেলটি চুরি হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চুরির ঘটনায় জব্দ করা ভিডিও দৃশ্য দেখে নিরাপত্তাকর্মী রফিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, চোরদের তিনি চেনেন, কিন্তু তাদের নাম জানেন না। রফিকের কথার সূত্র ধরে পুলিশ আরও একজন ট্যাক্সিচালককে আটক করেছে। কিন্তু কিছুই বের করতে পারেনি।