মোটরসাইকেল চালাতে মজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সরু গলি থেকে শুরু করে রাজপথ—সবখানেই অবাধ বিচরণ মোটরসাইকেলের। সর্বগামী এ বাহনের চালকেরাও নিজের খেয়ালে চলতে গিয়ে ট্রাফিক আইন মানতে চান না। মাথায় হেলমেটের বদলে চুল উড়িয়ে গাড়ি চালাতেই পছন্দ করেন অনেকে। কেউ কেউ আবার পথচারীর পথ নিজের বলে মনে করেন। নগরে ট্রাফিক আইন মেনে চলতে ইদানীং কড়াকড়ি আরোপ করা হলেও বশে আনা যাচ্ছে না টিভির বিজ্ঞাপনে বর্ণিত দুরন্ত-দুর্বার এ যানের চালকদের। নগরের রাস্তায় মোটরসাইকেলচালকদের নিয়ম ভঙ্গের ফিরিস্তি তুলে ধরেছেন অর্ক আসিফট্রাফিক সিগন্যাল মানতে অনীহাশাহবাগ মোড়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রিশাত আমান। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর ঠিক পেছনে দাঁড়ানো একটি কালো রঙের ‘পালসার’। চালক বারবার তারস্বরে হর্ন দিচ্ছেন। তখনো রাস্তার সামনের গাড়িগুলো চলছে। হর্ন শুনে তিনি সরে দাঁড়ান। এরপর মোটরসাইকেলটি বেশ জোরে টান দিয়ে রাস্তার অন্য গাড়িগুলোকে পাশ কাটিয়ে অপর পাশে চলে গেল। রিশাত বেশ বিরক্ত হয়েই বলেন, ‘এই মোটরসাইকেলওয়ালাদের কি একটুও তর সয় না নাকি। সব গাড়িই সিগন্যালে দাঁড়িয়ে আছে। এই ব্যাটাদের সিগন্যাল মানতে সমস্যাটা কোথায়?’ তাঁর মতো অনেকেরই এই প্রশ্ন। নগরের প্রায় প্রতিটি সিগন্যালেই দাঁড়িয়ে থাকা যানগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবেই চলছে মোটরসাইকেলগুলো। সিগন্যালে লালবাতি জ্বললেও থামার প্রয়োজন মনে করেন না অনেক চালক। ভাবখানা এমন, যেভাবেই হোক, সবাইকে টপকে যেতে হবে। এ ছাড়া পথের বিপরীত দিক (রং সাইড) দিয়ে চলা মোটরসাইকেলের দেখাও অহরহ মেলে এই নগরে। এসব চালকের স্বেচ্ছাচারী চালনা দেখে দেখে বোধহয় অভ্যস্ত হয়ে গেছেন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরাও। তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেলচালকদের ওপর তাঁরাও ত্যক্ত-বিরক্ত। কিন্তু তাঁদের খুব সামান্যই করার আছে এসব চালকের বিরুদ্ধে। ঢাকা শেরাটন হোটেলের সামনের এক ট্রাফিক পুলিশ জানালেন কারণটা, ‘আমি কি দৌড়াইয়া দৌড়াইয়া মোটরসাইকেলওয়ালারে ধরব নাকি? কোন দিক দিয়ে কয়জনরে ধরব?’ তবে মাঝেমধ্যে সুযোগ পেলে ট্রাফিক সার্জেন্ট মামলা করতে ছাড়েন না বলেও তিনি জানালেন।সব মোটরসাইকেলওয়ালাই যে আইন মানেন না, এমনটি মানতে নারাজ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালানো পুরান ঢাকার ব্যবসায়ী ইউসূফ। তিনি বলেন, ‘চ্যাংড়া পোলাপাইন অনেক সময় ট্রাফিক সিগন্যাল মানে না।’ফুটপাতে উত্পাতশিশুপার্ক থেকে বাচ্চাকে নিয়ে বের হচ্ছিলেন ফারহানা মিলি। হঠাত্ পার্কের সামনের ফুটপাত দিয়ে একের পর এক মোটরসাইকেল ছুটে যেতে লাগল। একই অবস্থা দেখা গেল রাস্তার অপর পাশে রমনা পার্কের সামনের ফুটপাতেও। রাস্তায় যানজট থাকলেই ফুটপাতে মোটরসাইকেল তুলে দেন অনেক চালক। এমনকি এটাকে অবৈধ বলতেও নারাজ তাঁরা। ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালানো প্রসঙ্গে এক চালক বলছিলেন, ‘রাস্তায় জ্যাম থাকলে শুধু সেই সময় ফুটপাতের ওপর দিয়ে চালাই।’ অনেকে শুধু ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালানই না, হর্ন বাজিয়ে পথচারীদেরও বিরক্ত করে তোলেন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধ্রুব আলীম বলছিলেন, ‘ফুটপাতের ওপর দিয়ে হাঁটার সময় পেছন থেকে মোটরসাইকেলের হর্ন এমন বিকট শব্দে বাজে, মনে হয় যেন গায়ের ওপর উঠিয়ে দেবে। এদের কারণে ফুটপাতেও নিরাপদে চলাফেরা করা যায় না।’ মত্স্য ভবনের সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছিলেন, ‘আমাদের চোখের সামনে কেউ ফুটপাতের ওপর গাড়ি তোলে না। মোড় পার হয়ে সামনে যাওয়ার পর তারা এই কাজটি করে।’‘প্রেস’ মানেই সাংবাদিক নয়সামনে ‘প্রেস’ ও পেছনে নম্বরপ্লেটের ওপর ‘অন টেস্ট’ লেখা অসংখ্য মোটরসাইকেলের সাক্ষাত্ মিলবে এই নগরে। প্রেস লেখা এসব মোটরসাইকেলের আবার সবই সাংবাদিকেরা ব্যবহার করেন না। দোকান থেকে প্রেস লোগো কিনে অনেকেই গাড়ির সামনে লাগিয়ে নেন। সাংবাদিক নন অথচ গাড়ির সামনে প্রেস লেখা—এ রকম একজন বললেন, ‘মোটরসাইকেলে প্রেস লেখা থাকলে ট্রাফিক পুলিশ কোনো ঝামেলা করে না। তাই গাড়ির সামনে এই লোগো লাগিয়েছি।’ প্রেস লেখা মোটরসাইকেল নিয়ে ট্রাফিক পুলিশকেও পড়তে হয় বিড়ম্বনায়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রাফিক আইন সবার জন্য এক। কিছু বিশেষ সুবিধা পাওয়ার আশায় অনেকেই মোটরসাইকেলের সামনে, পেছনে ‘পুলিশ’, ‘সাংবাদিক’ লিখে রাখেন। সাংবাদিক পরিচয় দেওয়া অধিকাংশ চালক আবার সঙ্গে কোনো কাগজপত্র রাখেন না বলেও অভিযোগ এক ট্রাফিক সার্জেন্টের। মোটরসাইকেল চালানোর সময় সঙ্গে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজপত্র রাখলে যে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি—এ বিষয়টিও অনেকে বোঝেন না। আইনকে বৃদ্ধাঙ্গুলি, ধরা পড়লে আক্কেল সেলামিঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক দক্ষিণ, প্রশাসন) মো. মোখলেসুর রহমান জানান, মোটরসাইকেল-সংক্রান্ত প্রতিদিন গড়ে ৩০টি মামলা হয় তাঁদের এখানে। ট্রাফিকের পূর্ব, পশ্চিম ও উত্তর—এই তিনটি বিভাগেও প্রতিনিয়ত মামলা হচ্ছে মোটরসাইকেলের বিরুদ্ধে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, মোটরসাইকেলের ব্যবহারবিধি না মানার কারণে এসব মামলা করা হয়। মোটরযান ব্যবহারবিধির চারটি ধারায় মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানালেন শাহবাগ মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আশিক। এ প্রসঙ্গে তিনি জানান, যেসব চালক উল্টোপথে গাড়ি চালান ও ট্রাফিক সিগন্যাল অমান্য করেন, তাঁদের আদেশ অমান্য ও তথ্য প্রদানে অস্বীকৃতির অভিযোগে ১৪০ ধারায় ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। একই শাস্তি প্রযোজ্য ফুটপাতের ওপর দিয়ে যাঁরা মোটরসাইকেল চালান, তাঁদের ক্ষেত্রেও। হেলমেট ছাড়া চালালে, একই গাড়িতে তিনজন উঠলে, গাড়ির কোনো যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ থাকলে এবং নিরাপত্তাহীনভাবে গাড়ি চালানোর অভিযোগে ১৪৯ ধারায় মামলা করা হয়। এই মামলার খেসারত হিসেবে চালককে ৩০০ টাকা জরিমানা দিতে হয়। এ ক্ষেত্রে হলুদ জ্যাকেটধারী ভ্রাম্যমাণ ট্রাফিক সার্জেন্টের কাছে ধরা পড়লে জরিমানার অঙ্কটাও দ্বিগুণ হয়। চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকলে ১৩৭ ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়। অনেক চালক বাঁয়ের লেন বন্ধ করে রেখে অন্যদের যাওয়ার পথ আটকে রাখেন। তাঁদের লেন অমান্য ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১৫৭ ধারায় শাস্তি দেওয়া হয়। শাস্তিস্বরূপ এক হাজার টাকা জরিমানাও দিতে হয় চালককে।