মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাইসাইকেলকে চাপা দিল বাসটি
প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিল বাসটি। এতে আহত হন দুজন আরোহী। এর পরই ১০ গজ দূরে থাকা একটি বাইসাইকেলকে চাপা দেয় যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এর আরোহীর। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গঙ্গা-কপোতাক্ষ খালের তিন নম্বর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।বাসের চাপায় নিহত বাইসাইকেলের আরোহীর নাম রাইজেল হোসেন (৩৭)। তিনি গ্রাম পুলিশের একজন সদস্য। দুর্ঘটনায় আহত হওয়া মোটরসাইকেলের আরোহীরা হলেন আবদুল মোমিন (৪৫) ও নয়ন আলী (১৫)। তাঁদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বেলা দুইটার দিকে মিরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী আহত হন। এরপর বাসটি প্রায় ১০ গজ দূরে দাঁড়িয়ে থাকা বাইসাইকেলের আরোহী রাইজেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাইজেল নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসে আগুন লাগিয়ে দেয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, নিহত রাইজেল চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব ভেড়ামারার রইজ উদ্দিনের ছেলে। আগুনে বাসের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি ক্রেনের সাহায্যে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।