মোটরসাইকেলে শাহবাগ যাচ্ছেন ওরা
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে সর্বস্তরের মানুষের অবস্থান চলছে ১১ দিন ধরে। প্রতিবাদী স্লোগানে মুখর শাহবাগ। আজ নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে। শাহবাগের সবার মুখে একটাই স্লোগান—‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই’; ‘জনতার সংগ্রাম চলছে, চলবে’। প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন হাজারো মানুষ। শাহবাগের এই আন্দোলনে যোগ দিতে লালমনিরহাটের ছাত্র ও যুবকেরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে যাত্রা শুরু করেছেন।আজ শুক্রবার বেলা তিনটার দিকে জেলা শহরের গোশলা বাজার রোডের উত্তরণ শপিং কমপ্লেক্স চত্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-যুবকদের শুভেচ্ছা ও বিদায় জানাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, ভাষাসৈনিক সামসুল হক, বিশিষ্ট নাট্য সংগঠক মো. মজিবর রহমান প্রমুখ। মোটরসাইকেল শোভাযাত্রাটি শাহবাগের গণজাগরণ মঞ্চ চত্বরে গিয়ে শেষ হবে।জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ছাত্র ও যুবকেরা ১৫টি মোটরসাইকেল নিয়ে প্রথমে যাত্রা শুরু করেন। পথে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজার এলাকায় এর সঙ্গে যোগ দেয় আরও সাতটি মোটরসাইকেল। এরপর রংপুর-ঢাকা মহাসড়কের রংপুর মডার্ন মোড় এলাকায় লালমনিরহাটের আরও তিনটি মোটরসাইকেল এ শোভাযাত্রায় শামিল হবে। এভাবে শাহবাগ পৌঁছানোর আগ পর্যন্ত মোটরসাইকেলের সংখ্যা অর্ধশত হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।শোভাযাত্রার প্রধান সমন্বয়কারী লালমনিরহাট আইন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুল খালেক বাবু বলেন, মোটরসাইকেল শোভাযাত্রাটি আজ রাতে সিরাজগঞ্জে যাত্রাবিরতি করবে। কাল শনিবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। দুপুর ১২টা থেকে বেলা একটার মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চে মোটরসাইকেল শোভাযাত্রা পৌঁছে একাত্মতা প্রকাশ করবে। এ ব্যাপারে শোভাযাত্রার দলনেতা মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মানবতাবিরোধীদের ফাঁসির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আমাদের এই মোটরসাইকেল শোভাযাত্রা। লালমনিরহাট থেকে সড়কপথে শাহবাগে পৌঁছানো কষ্টকর ও দীর্ঘ যাত্রা হলেও “এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার” এ মন্ত্রে উজ্জীবিত হয়ে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানাতে সেই কষ্টকে আমরা শ্রেয়তর ভেবেছি।’