মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে পুলিশের ওপর শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলে ‘প্রেস’ (সংবাদপত্র) লেখা স্টিকার ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালিয়ে আসছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার এমন পাঁচটি মোটরসাইকেলসহ ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে গ্রেপ্তার হওয়া শিবিরের ৩৮ নেতা-কর্মীর প্রত্যেককে আজ শনিবার তিনদিন করে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রেস লেখা স্টিকারযুক্ত পাঁচটি মোটরসাইকেলসহ ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মীকে আটক করে। তাঁদের কাছ থেকে সাতটি ল্যাপটপ, সরকারবিরোধী লেখাসংবলিত বিপুলসংখ্যক বই, লিফলেট, দাওয়াতপত্র ও অন্যান্য তথ্যসংবলিত কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিবির উপকমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মী ডিবিকে জানান, মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে পুলিশের ওপর চলানো নিরাপদ। তাই তাঁরা ঘুরে বেড়াতেন এবং পুলিশের অবস্থানের ওপর ইট ও ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যেতেন। তাঁরা ডিবিকে জানান, প্রেস লেখা মোটরসাইকেল পুলিশ থামায় না। আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা এড়াতে তাঁরা মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগাতেন।মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার ৪১ জন শিবিরের নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল। কিন্তু তাঁদের প্রকৃত সংখ্যা হবে ৩৮। তাঁদের নগরের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৩৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি পুলিশ আরও জানায়, আজ ছাত্রশিবিরের ৩৮ নেতা-কর্মীর সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। শিবিরের বিক্ষোভ: ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। ফকিরেরপুল মোড় থেকে সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি বের হয়ে দৈনিক বাংলা মোড়ে আসে। এ সময় পুলিশ ধাওয়া করে মিছলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির দাবি করেছে, মিছিলের পেছন থেকে হামলা করে দলের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক বিজ্ঞপ্তিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি দাবি করেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহীনুর রহমান, সাজ্জাদ হোসাইনসহ নেতা-কর্মীদের ডিবি কার্যালয়ে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। কয়েকজনের হাত-পা ভেঙে ফেলাসহ নখ উপড়ে ফেলার অভিযোগ করেন তাঁরা।