মোটরসাইকেলের চাকায় সংসার চলে তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিরামপুরের প্রায় ৫০০ যুবক আয়ের জন্য মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছেন। এসব যুবকের অনেকেই অন্য কোনো কাজ না পেয়ে উপার্জনের এ পথ বেছে নিয়েছেন।মোটরসাইকেলের চালক সূত্রে জানা গেছে, মনিরামপুর পৌর শহরের দক্ষিণ মাথা বাসস্ট্যান্ড, রাজগঞ্জ মোড়, হাকোবা মোড়, দুর্গাপুর মোড়সহ কয়েকটি স্থান থেকে প্রতিদিন প্রায় ৫০০ যুবক হরিহরনগর, খোর্দঘাট, ঝাঁপা, মশিয়াহাটি, নওয়াপাড়া, ঢাকুরিয়া, কালীবাড়ি, মনোহরপুর, কপালিয়া, কেশবপুর, কলারোয়া, চুকনগর যাত্রী বহন করেন। এর মধ্যে অনেকেই নিজের মোটরসাইকেল চালাচ্ছেন। আবার কেউ কেউ ১৫০ টাকায় ভাড়া নিয়ে মোটরসাইকেল চালিয়ে আয় করছেন।একটি মোটরসাইকেলে দুজন করে যাত্রী বহন করা হয়। দূরত্ব ভেদে যাত্রীদের কাছ থেকে ১৫০-৩০০ টাকা ভাড়া নেওয়া হয়। অন্য বাহনের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রীরা এসব মোটরসাইকেল ভাড়া করে।পৌর শহরের মুজিবর রহমান বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে দালালকে টাকা দিয়েছিলাম। দালাল টাকা মেরে দিয়েছে। বিদেশে যাওয়া হয়নি। চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে অনেক ঘুরেছি। উপায় না দেখে এনজিও থেকে ঋণ নিয়ে একটি পুরোনো মোটরসাইকেল কিনেছি। মোটরসাইকেলে করে রাজগঞ্জ-খোর্দঘাট, টেকেরঘাট, নেহালপুর, কালীবাড়ি যাত্রী বহন করি। খরচ বাদে দিনে ৩০০-৪০০ টাকা আয় হয়।’ভরতপুর গ্রামের জুলফিকার (৪৫) বলেন, ‘এসএসসি পাস করার পর সংসারে অভাব থাকায় লেখাপড়া করা হয়নি। চাকরির জন্য অনেক ঘুরেছি। চাকরি না পেয়ে রোজগারের এই পথ বেছে নিয়েছি। প্রতিদিন খরচ বাদ দিয়ে প্রায় ২৫০-৩০০ টাকা আয় হয়। সংসারে এখন আর অভাব নেই।’মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘কোনো অনুমোদন ছাড়াই এ এলাকায় মোটরসাইকেলে যাত্রী বহন করা হয়। এলাকার বিপুলসংখ্যক যুবক মোটরসাইকেলে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করছে। মানবিক কারণেই তাদের বাধা দেওয়া হয় না।’