মোটরসাইকেলের দাম ২০ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ধরনের মোটরসাইকেল কেনার দরপত্র আহ্বান করেছে পুলিশ। এতে সাড়া দিয়ে ১০টি প্রতিষ্ঠান শিডিউল কিনলেও জমা পড়েছে মাত্র একটি। দরপত্রে প্রতিটি মোটরসাইকেলের জন্য দাম চাওয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীতে পণ্য সরবরাহের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই দাম দিয়েছে। এদের সমঝোতার কারণে একটিমাত্র প্রতিষ্ঠান ছাড়া আর কেউ দরপত্র জমা দেয়নি।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানগুলো তাদের মতো দর দিতেই পারে। কিন্তু এমন অস্বাভাবিক দামে মোটরসাইকেল কেনার প্রশ্নই ওঠে না।সূত্র জানায়, আসন্ন বিশ্বকাপের নিরাপত্তা দিতে পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ৮৫ কোটি টাকার বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম ও যানবাহন কেনা হচ্ছে। যানবাহনের মধ্যে রয়েছে বিশেষ ধরনের ৩০টি মোটরসাইকেল। এসব কেনার জন্য নভেম্বরে দরপত্র চাওয়া হয়। গত ৩০ নভেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিন দরপত্র বাক্স খুলে দেখা যায়, একটিমাত্র প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। জাপানের তৈরি একটি ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম হাঁকা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার টাকা। দরপত্রে বলা হয়েছে, ২৫০ সিসির এই মোটরসাইকেলে পুলিশের প্রয়োজনীয় সব ধরনের সুবিধা আছে। এর আগে-পিছে বিশেষ ধরনের সংকেতের ব্যবস্থা আছে। এগুলো যেকোনো যানবাহনকে ধাওয়া করতেও সক্ষম।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, মোটরসাইকেল কেনার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর ১০টি প্রতিষ্ঠান দরপত্র কেনে। কিন্তু দেখা যায়, একটিমাত্র প্রতিষ্ঠান ছাড়া কেউ দরপত্র জমা দেয়নি। পুলিশের ধারণা, এর পেছনে একটি সিন্ডিকেটের হাত রয়েছে। তারা সমঝোতা করে একটিমাত্র প্রতিষ্ঠান ছাড়া আর কাউকে দরপত্র জমা দিতে দেয়নি। অথচ এর এক-চতুর্থাংশ দামে জাপানে তৈরি এ ধরনের মোটরসাইকেল কেনা সম্ভব। সরকারি প্রতিষ্ঠান এটলাস সরবরাহ করলে এর দাম আরও কমে যেতে পারে।সূত্র জানায়, একটিমাত্র প্রতিষ্ঠানের দরপত্র কারিগরি মূল্যায়ন কমিটির (টিইসি) কাছে পাঠানো হয়। কমিটি এই দরকে অস্বাভাবিক উল্লেখ করে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দেয়।জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের কেনাকাটার দায়িত্বে নিয়োজিত সহকারী মহাপরিদর্শক (এআইজি) মাহবুবুল আলম বলেন, এই দামে মোটরসাইকেল কেনা সম্ভব নয়। আবার দরপত্র আহ্বান করা হবে।