মোটরসাইকেলের রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের যানজটকে ফাঁকি দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেলের জুড়ি নেই। এমনটাই মনে করেন উত্তরার মাহবুব সাইদ। তাঁর সঙ্গে কথা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গত সপ্তাহে এখানে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ওয়ালটন প্রথম মোটরসাইকেল প্রদর্শনী। এর আয়োজন করেছে ইম্প্রেশন্স নামের একটি প্রতিষ্ঠান। সহযোগী ছিল ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন।এ প্রজন্মের তরুণদের কাছে মোটরসাইকেল শুধু একটি বাহন হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে ফ্যাশনেরও অনুষঙ্গ। তাই তারা চায় ফ্যাশন-দুরস্ত দুই চাকার বাহন। এমন মোটরসাইকেল খুঁজছিলেন ওয়ারী থেকে প্রদর্শনীতে আসা তরুণ জিসান। তাঁর মতে, ‘আসলে এই যে মোটরসাইকেলের চেহারা দিন দিন সুন্দর হচ্ছে, এটা ফ্যাশনের জন্যই হচ্ছে।’তাঁর বন্ধু রেহান যোগ করলেন, ‘সব জায়গায় ফ্যাশন শুরু হয়ে গেছে। আর নিজের বাইকটা ফ্যাশনের হবে না, তা কেমন করে হয়। বাইকের কারণে কিন্তু গর্জিয়াস ভাবটাও চলে আসে।’তবে শুধু যে পেশিবহুল মোটরসাইকেলের প্রতিই সবার ঝোঁক এমন কিন্তু নয়। প্রদর্শনীতে কেউ কেউ খোঁজ করছিলেন গতিশীল মোটরসাইকেল। গতির পাশাপাশি স্টাইলেও টিভিএসের অ্যাপাচি আরটিআর ছিল তরুণদের পছন্দের তালিকায়। হিরো হোন্ডার হাংক এবং ইয়ামাহার এফজেডও কিন্তু কম যায় না। অন্তত মোটরসাইকেলের প্রদর্শনীতে আসা তরুণদের দেখেই আঁচ করা গেছে বিষয়টি। অন্যদিকে পছন্দের শীর্ষে ছিল ইয়ামাহার আর ফিফটিন। আভিজাত্য আর ফ্যাশনের কোনো কমতি না থাকলেও অনেক তরুণ শুধু দেখেই দীর্ঘশ্বাস ফেলেছেন। কেননা, এর দামটাও রয়েছে শীর্ষে। সাড়ে তিন লাখ টাকার এই বাইকটি কিনতে না পারলেও এতে উঠে একটু দেখে নিতে কেউ ভুল করেননি।কারও কারও কাছে ফ্যাশনের চেয়ে টাকা বড় নয়। হিরো হোন্ডা, টিভিএস, ইয়ামাহা, ফ্রিডম, হোন্ডা, ডায়াংয়ের সব ফ্যাশনেবল মোটরবাইক দেখা গেছে রয়েল অটোর প্যাভিলিয়নে। রয়েল অটোর ম্যানেজিং পার্টনার সোলায়মান আলী বলেন, ‘ডিজিটাল মিটার, হাইড্রোলিক ব্রেক, স্পোর্টস মডেলের কারণে তরুণেরা আমাদের প্যাভিলিয়নে ভিড় করছে। এখানে একত্রে অনেক ব্র্যান্ডের বাইক পাচ্ছে তারা। এমন মেলার আয়োজন খুবই ভালো।’অন্যদিকে সাধ্যের মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন নিয়ে এসেছে ফিউশন, ক্রুজি মোটরসাইকেল। বিদ্যুৎ-চালিত বাইক ‘লাইফ লং’ দেখা গেছে নাহার গ্রুপ অব কোম্পানির প্যাভিলিয়নে। এতে তেল ও গ্যাস নেওয়ার যেমন ঝামেলা নেই, আবার শব্দও হয় কম। ‘পুরোনো বাইক বদলে নতুন বাইক’—এমন ভাবনা নিয়ে মেলায় এসেছিল শফিক মোটরস। মোটরসাইকেলের পেশি যে কত বাড়তে পারে, তা-ই দেখা গেছে এই প্যাভিলিয়নে। মোটরবাইক প্রদর্শনীতে দেখা গেছে দেশীয় প্রতিষ্ঠান গাজী টায়ারসকে। এদের টায়ারের সবকিছুতেই বাংলাদেশের কাঁচামাল ব্যবহূত হয় বলে জানান বিক্রয় কর্মকর্তা সুশান্ত। প্রদর্শনীতে আরও অংশ নিয়েছে মোটরসাইকেলের মবিল, ইঞ্জিন-গিয়ার অয়েল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএনও লুব্রিকেন্টস।মোটরসাইকেলের প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান ইম্প্রেশন্সের বিপণনপ্রধান এস আর আহমেদ বলেন, মোটরসাইকেলের চাহিদা দিন দিন বাড়ছে। তাই তাঁরা প্রদর্শনীর মাধ্যমে ক্রেতাদের সামনে এখনকার মোটরসাইকেলগুলো নিয়ে এসেছেন। আগামী বছর থেকে আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী করার পরিকল্পনা করছেন তাঁরা।