মোটা কাপড়ের চড়া দাম
বর্ষা বিদায় নিলেও বৃষ্টি ছাড়ছে না। ভাদ্র মাসের প্রথম সপ্তাহ যাচ্ছে। শরতেও আকাশ বর্ষার মতো ঘনঘোর, বৃষ্টি হচ্ছে অঝোরধারায়। এদিকে ঈদ দোরগোড়ায়। সময়ক্ষেপণের উপায় নেই। বিরূপ প্রকৃতি ঈদের কেনাকাটা করতে নামা বাজারমুখী নাগরিকের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।গতকাল সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। খানাখন্দে ভরা রাজপথ জলমগ্ন। যানবাহনের গতি মন্থর। বৃষ্টির বিড়ম্বনা তো আছেই, যানজটেও নাকাল হতে হয়েছে ক্রেতাদের।ঈদে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটার পাশাপাশি গরিব আত্মীয়স্বজন ও দুস্থদের জন্য জাকাতের কাপড় কিনে থাকেন সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা। ধর্মীয় বিধান অনুসারে বছরের যেকোনো সময়েই জাকাত দেওয়ার নিয়ম রয়েছে। তবে সাধারণত পবিত্র রমজান মাসেই জাকাত দেওয়া হয়ে থাকে। তাঁতের মোটা সুতার ছাপা বা এক রঙা শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি জাকাত হিসেবে দেওয়া হয়। কাপড়ের বাজার ঘুরে দেখা গেল, এবার এসব মোটা কাপড়ের দাম গত বছরের চেয়ে অনেক বেড়েছে। যাঁরা জাকাতের জন্য এসব কাপড় কিনবেন, তাঁদের হয়তো অসুবিধা হবে না। নির্দিষ্ট অঙ্কের টাকায় আগে যেখানে ১০টি কাপড় কেনা যেত, এখন তাঁরা ছয়টি খরিদ করবেন। তাতে জাকাতের বিধান রক্ষা করা যাবে। কিন্তু যেসব নিম্ন আয়ের মানুষ নিজের উপার্জন থেকে নিজের বা পরিবারের জন্য নতুন কাপড় কিনতে যাবেন, সমস্যায় পড়তে হবে তাঁদের। খরচ করতে হবে বাড়তি টাকা।ধানমন্ডি হকার্স মার্কেটের মালিহা শাড়িঘরের ব্যবসায়ী খায়রুল হক জানালেন, ৩০০ টাকার কমে কোনো শাড়ি পাওয়া যাবে না। গত বছর এসব শাড়ি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। একটু ভালো মানের শাড়ি কিনতে হলে দাম পড়বে ৪০০ টাকা। একই রকম ধারণা দিলেন নয়াপল্টনের সিটি হার্ট সুপার মার্কেটের শাড়ির দোকান মন ময়ূরীর মালিক আবদুল মান্নান। তিনি জানালেন, জাকাতের লুঙ্গি গত বছর বিক্রি হয়েছে সর্বনিম্ন ১০০ টাকায়। বেশ ভালো মানের লুঙ্গি পাওয়া যেত ১২০ টাকায়। এবার ২০০ টাকার নিচে লুঙ্গি নেই। ডেমরার প্রিন্ট শাড়িগুলোর দাম ছিল ২১০ টাকা। এবার তার দাম ৩০০ থেকে ৩৫০ টাকা। দাম বেড়েছে পাঞ্জাবিরও। ফুটপাতে গতবার ১৫০ টাকায় পাঞ্জাবি পাওয়া গেছে, ‘এবার এক দাম দুই শ, বাইছ্যা লন দুই শ’ বলে হাঁকছেন গুলিস্তান-বায়তুল মোকাররমের হকাররা। বৃষ্টি হচ্ছে মুষলধারে, কিন্তু মোটা কাপড়ের দামের আগুন নিভছে না। অল্প আয়ের মানুষের মনে কেনাকাটার আনন্দ সামান্যই।