মোটা চাল পাওয়া না পাওয়ার আনন্দ-বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজাজ তিরিক্ষি হয়ে আছে নাজমা বেগমের। চিৎকার-চেঁচামেচি যথেষ্টই করেছেন, কাজ হয়নি। সঙ্গী হামিদা বেগম ও জুলেখাকে নিয়ে বকর-বকর করতে করতে ট্রাকের সামনে থেকে ফিরে যাচ্ছিলেন। সঙ্গীদেরও মুখ ভার। মন খারাপ।স্থান গ্রিন রোড, কাঁঠালবাগান বাজারের পশ্চিম পাশ। গতকাল শনিবার, বেলা তখন দুইটা পেরিয়েছে মাত্র।মেজাজ ঠিক না থাকারই কথা। কাঁঠালবাগানে বাসাবাড়িতে কাজ করেন নাজমা বেগম। বললেন, ‘খালাম্মারে কইয়া এক ঘণ্টার সময় লইয়া আইছি চাউল নিতে। দুই ঘণ্টা লাইনে খাড়াইলাম। অহন ব্যাটারা কইতাছে, চাউল শ্যাষ। কন দেহি, কেমুন লাহে?’ নাজমাদের মতো অনেকেই এখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ওএমএসের চাল কিনতে পারেননি। সংগত কারণেই তাঁরা ক্ষুব্ধ। নাজমার এক হাজার ৫০০ টাকা মাসিক বেতন, সঙ্গে সকালের নাশতা। দুই ছেলেকে নিয়ে এখানেই মেহেরুন্নেসা স্কুলের বস্তিতে ৫০০ টাকা মাসে ঘর ভাড়া নিয়ে থাকেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। স্বামী গ্রামেই কাঁচামালের ব্যবসা করেন, তবে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। দুপুর ১২টায় এসে চালের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। লম্বা লাইন। দুই ঘণ্টা পর যখন ট্রাকের কাছাকাছি গেছেন, তখন চাল শেষ।প্রতিবার পাঁচ কেজি চাল কেনা যায়। কিন্তু পাঁচ কেজিতে নাজমার সপ্তাহ চলে না। প্রতি সপ্তাহে দুবার চালের লাইনে দাঁড়াতে হয়। ছেলেরা ছোট। ওদের চাল দেওয়া হয় না। তাঁকেই আসতে হয়। চাল নিতে এলে দুই-তিন ঘণ্টা সময় লেগে যায়। ফলে যেখানে কাজ করেন, সেখানে বকাঝকা শুনতে হয়। তবু যদি সেই চাল না পাওয়া যায়, মেজাজটি তো তাঁর চড়ে যাবেই।ভিন্ন চিত্রও আছে। ওএমএসের চাল কিনতে পারা এখন ঢাকা মহানগরের নিম্ন আয়ের মানুষের কাছে মহার্ঘ্যপ্রাপ্তির মতোই হয়ে উঠেছে। সেই পাওয়ার আনন্দে প্রফুল্ল হালিমা বেগম। তিনি কাজ করেন গ্রিন রোডেই। কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ওয়ার্ডের আয়া। বেতন দুই হাজার ৪০০ টাকা। রাত আটটা থেকে সকাল আটটা তাঁর কাজের সময়। ছুটির পর এসে দাঁড়িয়েছিলেন লাইনে। তিনি জানালেন, চালের ট্রাক আসে নয়টার দিকে। এর মিনিট ১০-১৫ পর থেকে চাল বিক্রি শুরু হয়। কিন্তু লাইন পড়ে যায় ঢের আগে। কোনো কোনো দিন সকাল সাতটার সময়েই লাইন শুরু। ট্রাক যখন আসে, তখন শত শত মানুষ।শীতের মৌসুমে বাজারে নতুন চাল উঠলেও এ বছর চালের দাম অত্যন্ত চড়া। খোলাবাজারে মোটা চালের ন্যূনতম দাম ৩৫ থেকে ৩৮ টাকা কেজি। ওএমএসের এই চাল বিক্রি করা হচ্ছে ২৪ টাকা দরে। সে কারণেই অল্প আয়ে সংসার চালানোর জীবনসংগ্রামে রত মানুষের কাছে মহার্ঘ্য হয়ে উঠেছে এই চাল। কেবল চাল কিনতে কেজিপ্রতি ১১ থেকে ১৪ টাকা বাঁচানো তাঁদের কাছে অনেক বড় রেহাই। ফলে চালের ট্রাকের সামনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাইন।ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ১২৫টি ট্রাকে নির্ধারিত মূল্যে চাল বিক্রি হচ্ছে গত ২৫ ডিসেম্বর থেকে। শুক্র ও মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিন বিক্রি হয়। গতকাল এসব স্থানে ঘুরে দেখা গেল সবখানেই চিত্র অভিন্ন। সকাল নয়টায় চালের ট্রাক আসে। এর আগে থেকেই লাইন শুরু হয়ে যায়। ঘণ্টা তিন-চারেকের মধ্যেই বিক্রি শেষ। গ্রিন রোডের ডিলার আবদুল জলিলের প্রতিনিধি আমির হোসেন জানান, ডিলারদের তিন টন করে চাল বরাদ্দ। প্রতি সপ্তাহে তাঁরা দুই থেকে তিন দিন চাল পান। বাকি দিনগুলো অন্য ডিলাররা পান। ক্রেতাদের জনপ্রতি পাঁচ কেজি দেওয়া হয়। তিন টন চাল মোট ৬০০ জনের কাছে বিক্রি করা যায়। তাঁদের আসার আগেই শ দুয়েক লোকের লাইন পড়ে থাকে।ট্রাকে চাল মাপার জন্য থাকেন দুজন এবং ভিড় সামলান অন্য দুজন। খাদ্য বিভাগের একজন পরিদর্শক থাকেন। এখানে পরিদর্শক ছিলেন আবদুর রহিম। তিনি জানান, বিক্রির সময় কোনো অনিয়ম হচ্ছে না। চাল না পেয়ে শুকনো মুখে ফিরে যাচ্ছিলেন গাড়ির চালক শহিদুল ইসলাম। তিনিও মত দিলেন, আগে লাইনে দাঁড়ালে চাল পাওয়া যায়। কোনো অনিয়ম হয় না। তবে সমস্যা হলো, অনেক সময় লেগে যায়। মালিকের ব্যক্তিগত গাড়ি চালান। অতটা সময় প্রতিবার দিতে পারেন না তিনি, মাঝেমধ্যে খোলাবাজার থেকে চাল কিনতে হয়। ট্রাকগুলোর সামনে নারী ও পুরুষের দুটি লাইন হয়। নারীদের লাইন তুলনামূলক দীর্ঘ। ডিলারের প্রতিনিধিরা জানান, পুরুষেরা কাজকর্মে ব্যস্ত থাকেন। এতটা সময় তাঁদের পক্ষে দেওয়া কঠিন। সে কারণে চাল কেনার লাইনে নারীদের সংখ্যাই বেশি। ‘পাঁচ কেজি চালের জন্য মানুষ এত কষ্ট করছে, দেখে আমাদের কাছেও খারাপ লাগে।’ বলছিলেন আমির হোসেন। তিনি জানান, লোকসংখ্যার ওপর ভিত্তি করে নারীদের লাইনের দুজনের পর পুরুষের লাইনের একজন—এভাবে চাল দিচ্ছেন। তার পরও ভিড়বাট্টায় লাইন ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। অনেক লোক বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে চাল পান না, তিরিক্ষি মনমেজাজে শূন্যহাতে ফিরে যান নাজমা বেগমদের মতো। পরের দিন আবার লাইনে দাঁড়াতে হবে। কিন্তু চাল যে পাওয়া যাবেই, সে নিশ্চয়তা কোথায়?