মোটা পুলিশের জন্য যোগব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পুলিশ বাহিনীতে মোটা সদস্যদের মেদ কমিয়ে হালকা-পাতলা করতে যোগব্যায়াম চালু করা হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।রাজধানী কাঠমান্ডুর পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, কিছু পুলিশ সদস্য এত মোটা হয়ে গেছেন যে তাঁদের পক্ষে দায়িত্ব পালন করাটা কঠিন হয়ে পড়ছে।নারী ও পুরুষ পুলিশ কর্মকর্তাদের মুটিয়ে যাওয়া সমস্যা বেশ প্রকট হয়ে উঠেছে। তাঁদের শরীর স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে প্রতিদিন যোগব্যায়াম করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশের যেসব সদস্য দাপ্তরিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাঁরা একেবারেই ব্যায়াম করেন না। এ ছাড়া যাঁরা ভাতের সঙ্গে অনেক পদের তরকারি এবং চিনি ও দুধ দিয়ে বানানো মিষ্টি খান, তাঁরাও মুটিয়ে যান।নেপাল পুলিশের মুখপাত্র কেশব অধিকারী বলেন, দেশটির প্রায় সব পুলিশ কার্যালয়ে কর্মীদের জন্য যোগব্যায়াম চালু করা হবে। শরীরের অপ্রয়োজনীয় বাড়তি ওজনের জন্য অনেক পুলিশ সদস্য দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন।কাঠমান্ডু ও দেশটির পূর্বাঞ্চলে এরই মধ্যে যোগব্যায়ামের ক্লাস শুরু হয়েছে। পূর্বাঞ্চলের শহর ঝাপায় ৭০ জনের বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্যের তিন সপ্তাহের যোগব্যায়াম শুরু হয়েছে।ঊর্ধ্বতন কর্মকর্তা কেশরি রাজ ঘিমিরে বলেন, মুটিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই যোগব্যায়াম প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যোগব্যায়াম প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপপরিদর্শক বিক্রম খড়কা জানান, মুটিয়ে যাওয়া সমস্যা কীভাবে সমাধান করা যায়, যোগব্যায়াম প্রশিক্ষণ কর্মসূচি সে ব্যাপারে সহায়তা করবে। তিনি বলেন, ‘আগে আমি খাবারের ব্যাপারে সচেতন ছিলাম না। কিন্তু স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কী খাবার খেতে হবে, এখান থেকে আমি সে ধারণা পেয়েছি।’